মঙ্গলবার ১৯ মে ২০২৬
ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন, পদক প্রদান ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ৫)
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

সকাল ১০টায় অনুষ্ঠানে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্যারেড কমান্ডার ফয়সালুর রহমানের নেতৃত্বে পতাকাবাহী কন্টিনজেন্টসহ চারটি কন্টিনজেন্ট অংশ নেয়।

অনুষ্ঠানে স্টেশন অফিসার, ফায়ারফাইটার, ড্রাইভার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্টদের বুনিয়াদি প্রশিক্ষণ শেষে শপথ পাঠ করানো হয়। এছাড়া প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদকে ভূষিত ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে পদক পরিয়ে দেন প্রধান অতিথি।

স্বাগত বক্তব্যে মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিসকে আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, দুর্ঘটনা ও দুর্যোগে ফায়ারফাইটাররা সবার আগে মানুষের পাশে দাঁড়ান। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনের কারণে মানুষ তাদের দুঃসময়ের বন্ধু হিসেবে মনে করে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বলেন, অগ্নিকাণ্ডসহ সব ধরনের দুর্যোগ মোকাবিলায় সাহস, পেশাদারিত্ব ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ফায়ার সার্ভিস জাতির আস্থা অর্জন করেছে। তিনি বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে মার্চপাস্ট, ফটোসেশন, পরিদর্শন বইতে স্বাক্ষর এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ মে পর্যন্ত সারাদেশে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft