যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও সাপ্তাহিক সিলেট–এর প্রকাশক-সম্পাদক ফররুখ আহমদ চৌধুরী ফখরুর পরিবারের জন্য এসেছে গর্বের এক আনন্দঘন মুহূর্ত। তাঁর ছেলে শাফি চৌধুরী যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ইউনিভার্সিটি অ্যাট বাফেলো থেকে ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস’-এ বিশেষায়নসহ ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছে।
শিক্ষাজীবনে মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে শাফি চৌধুরী এই সাফল্য অর্জন করায় পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। জানা গেছে, আধুনিক তথ্যপ্রযুক্তি ও ব্যবসা ব্যবস্থাপনার সমন্বিত শিক্ষায় তিনি বিশেষ দক্ষতা অর্জন করেছেন এবং ভবিষ্যতে কর্পোরেট ও প্রযুক্তি খাতে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ফররুখ আহমদ চৌধুরী ফখরু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁর আদি নিবাস সিলেট নগরীর শেখঘাট এলাকায়। একসময় তাঁর সম্পাদিত সাপ্তাহিক সিলেট বঞ্চিত ও অবহেলিত মানুষের মুখপত্র হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে। সাহসী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি পাঠকমহলে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছিল। দীর্ঘ সময় ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে তিনি পত্রিকাটি সম্পাদনা করেছেন।
সাংবাদিকতা জীবনের পাশাপাশি তিনি নতুন প্রজন্মকে শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর পরিবারের সদস্যদের সাফল্যকে অনেকে সেই দীর্ঘদিনের শ্রম, সততা ও আদর্শিক জীবনেরই প্রতিফলন হিসেবে দেখছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ফররুখ চৌধুরীর অপর ছেলেও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। দুই ছেলের এই অর্জনে পরিবারে আনন্দের পাশাপাশি সিলেটের প্রবাসী সমাজেও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
শাফি চৌধুরীর এই একাডেমিক সাফল্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলের ব্যক্তিরা শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী হিসেবে তিনি ভবিষ্যতে দেশ ও প্রবাসের সুনাম আরও উজ্জ্বল করবেন।
এদিকে, প্রবাসে থেকেও ফররুখ আহমদ চৌধুরী ফখরু দেশের সাংবাদিকতা, সমাজসেবা ও কমিউনিটি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন এবং পরিবারের নতুন প্রজন্মের সাফল্য প্রমাণ করে যে, সততা, শিক্ষা ও অধ্যবসায় মানুষকে সাফল্যের উচ্চতায় পৌঁছে দিতে পারে।
আজকালের খবর/ এমকে