প্রতি বছরের ন্যায় এবারও ১০ই মে বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ত্রয়োদশ বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা-২০২৬’। রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথির মা বেগম জেবুন্নেছা এবং এবারের অন্যতম গরবিনী মা ফাল্গুনী কুন্ডুর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, একটি শিশুর প্রথম পাঠশালা যেমন তার মা, তেমনি জীবনের কঠিনতম সময়ে তার শেষ ভরসাস্থলও তিনি। মায়ের নিরন্তর ত্যাগের বিপরীতে আমাদের একমাত্র কর্তব্য হলো সারাজীবন তাঁকে শ্রদ্ধা আর মমতায় আগলে রাখা। তিনি উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি এমন ব্যতিক্রমী সামাজিক আয়োজনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এ বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সমাজের ১১ জন প্রতিষ্ঠিত নাগরিকের রত্নগর্ভা মাকে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত মায়েরা হলেন— রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের মা বেগম ফরহাত ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরিশালের বিচারক মোহাঃ রকিবুল ইসলামের মা বেগম রোকেয়া রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মো. শফিকুল ইসলামের মা মোসাঃ রাজিফা আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানিয়া হকের মা সেলিমা হক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক এ.কে.এম. মনজুরুল ইসলামের মা রাজিয়া আহমেদ।
চিকিৎসা ও শিল্প-সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ইন্দ্রজিৎ প্রসাদের মা সরস্বতী প্রসাদ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্থপতি অমিতি কুন্ডুর মা ফাল্গুনী কুন্ডু, জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোমনূর মনির কোনালের মা সায়মা মনির মিনু, অভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন, অভিনেতা ও পরিচালক জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক খাইরুম ইসলামের মা শিরিন আক্তার (পিয়া)।
সম্মাননা হিসেবে প্রত্যেক মা-কে ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেল্থ চেক-আপ প্যাকেজ ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালে ৫ জন মাকে নিয়ে শুরু হওয়া এই সম্মাননাটি বর্তমানে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজনে পরিণত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদ পাঠিকা বিপাশা মজুমদার এবং সামগ্রিক সমন্বয়ে ছিলেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।
আজকালের খবর/কাওছার আল হাবীব