স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আজ প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে দলসমর্থিত ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এ উপলক্ষে রবিবার (১০ মে) বিকেলে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।
এর আগে, শনিবার (৯ মে) রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এ তথ্য জানান।
তিনি লিখেছেন, রোববার (১০ মে) বিকেল ৩টায় প্রথম ধাপে এনসিপি সমর্থিত ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এ ছাড়া গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ।
একইসঙ্গে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
দলটি জানিয়েছে, রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
আজকালের খবর/বিএস