বুধবার ৬ মে ২০২৬
১০ মে’র মধ্যে উপজেলা চেয়ারম্যান-মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে এনসিপি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ২০)
উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণার নতুন তারিখ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জানিয়েছেন, আগামী ১০ মে’র মধ্যে প্রাথমিকভাবে সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ এপ্রিলের মধ্যে ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম প্রকাশ করার কথা ছিল। তবে ব্যক্তিগত ও সাংগঠনিক নানা কারণে সেই সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ছাড়া এ মাসের মধ্যেই সাতটি সিটি কর্পোরেশনে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নাম আমরা ঘোষণা করব। এখন আমরা একটি ১১ দলীয় জোটে আছি। বিরোধী দল হিসেবে রাজনীতি করছি। সংসদে ভূমিকা পালন করছি। কিন্তু একই সাথে এনসিপি এককভাবে, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়াতে কাজ করছি এবং এ কারণে আমরা এখন এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করব।

সারজিস আলম বলেন, বিএনপির পক্ষ থেকে আবার স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তারা ইতোমধ্যে জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনে প্রশাসক বসিয়েছে। 

তিনি বলেন, উপজেলা পর্যায়ে কোনো উপজেলা চেয়ারম্যান এই মুহূর্তে তার পদে নেই। তারা আবার তাদের পূর্বের ক্ষমতাসীনদের মতো ক্ষমতাকে কুক্ষিগত করার যে পাঁয়তারা সে পাঁয়তারা শুরু করেছে। শুনতে পাচ্ছি তারা নাকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। এ ধরনের ক্ষমতাকে কুক্ষিগত করা তাদের জন্য হিতে বিপরীত হবে। এজন্য আমরা আহ্বান করব সিটি কর্পোরেশন এবং উপজেলা ও পৌরসভা নির্বাচন এ বছরের মধ্যেই দিতে হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft