রবিবার ১০ মে ২০২৬
তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরুর সিদ্ধান্ত আজ
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১০:৪২ এএম   (ভিজিট : ৮)
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা, সে বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

রবিবার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠন করা হলে শুরু হবে মামলার আনুষ্ঠানিক বিচার।

গত ৭ মে আদেশ দেওয়ার দিন ধার্য ছিল। তবে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন আদালত।

এ মামলায় গ্রেপ্তার চারজন হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।

এর আগে, ২৬ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। ওই দিন শুনানিতে প্রসিকিউশনের পক্ষে আনা তিনটি অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইয়ের ঘটনাপ্রবাহ ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপের প্রসঙ্গও তুলে ধরা হয়। একইসঙ্গে অন্য আসামিদের উপস্থিতি ভিডিও ফুটেজে উঠে এসেছে বলেও ট্রাইব্যুনালকে জানান তামিম। প্রসিকিউশনের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে উল্লেখ করে ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়।

অন্যদিকে, নিজের মক্কেলের অব্যাহতি চেয়ে আবেদন করেন গ্রেপ্তার ও পলাতক আসামিদের আইনজীবীরা। এক আসামির আইনজীবী সিফাত মাহমুদ শুভ দাবি করেন, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না। এ ধরনের অপরাধ বিচারের জন্য পৃথক আইন রয়েছে বলেও শুনানিতে উল্লেখ করেন তিনি।

এ মামলায় উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ মদদে জুলাই গণঅভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আনা হয়। এতে মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft