বৃহস্পতিবার ৭ মে ২০২৬
মালয়েশিয়ায় জোরদার অভিবাসন অভিযান
৩২ অভিযানে আটক ১৫০ অবৈধ অভিবাসী, গ্রেপ্তার ১৩ নিয়োগকর্তা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ৭)
মালয়েশিয়া ইমিগ্রেশন সারা দেশে অবৈধ অভিবাসন রোধে তাদের অভিযান আরও জোরদার করেছে। ৬ মে ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের (অবৈধ অভিবাসী) দমন এবং অভিবাসন সুবিধার অপব্যবহার ঠেকাতে ধারাবাহিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, গত ৪ মে, দেশব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ৩২টি বিশেষ অভিযান পরিচালনা করে জেআইএম। এসব অভিযানে ১৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়, যারা ইমিগ্রেশন এ্যাক্ট ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারায় অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে। একইসঙ্গে বৈধ নথিপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে ১৩ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।

জেআইএম বিশেষভাবে সামাজিক ভিজিট পাস ও অস্থায়ী কর্মসংস্থান পাস (পিএলকেএস)-এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অনেক বিদেশি কর্মী অনুমোদিত খাতের বাইরে কাজ করছেন, যা দেশের আইন লঙ্ঘনের শামিল। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে পাস বাতিল, বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ।

একইসঙ্গে, বৈধ পাস ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেওয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। জেআইএম বলছে, কোনো ধরনের আপস ছাড়াই এসব অপরাধের বিরুদ্ধে মামলা পরিচালনা করা হবে, যাতে দেশের শ্রমবাজারে শৃঙ্খলা বজায় থাকে এবং বিদেশি শ্রমিকদের শোষণ প্রতিরোধ করা যায়।

সংস্থাটি আরও জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সাধারণ জনগণকে সন্দেহজনক কার্যক্রম বা অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft