মঙ্গলবার ৫ মে ২০২৬
খুব দ্রুত ভারতের ট্যুরিস্টসহ সব ভিসা স্বাভাবিক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ১০)
ভারতের ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা খুব দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন। সেখানে ভারতের পক্ষ থেকে ভিসার ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আমরা আশা করছি, ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা দ্রুতই স্বাভাবিক হবে এবং দুই দেশের মধ্যে জনগণের যাতায়াত আবার আগের মতো সহজ হবে।’

এর আগে শনিবার (২ মে)  ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত।

সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশ গত ফেব্রুয়ারিতেই ভারতীয়দের সব ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে। এখন ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরুর পরিকল্পনা করছে।

উল্লেখ্য, গত মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত সফরে যান তখন তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ভিসার বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, যেহেতু বাংলাদেশ তাদের ভিসা কেন্দ্র থেকে ভারতীয়দের সব ধরনের ভিসা দিচ্ছে, তাই ভারতও যেন দ্রুত সময়ে একই ব্যবস্থা গ্রহণ করে।

২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অবনতি হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর ঢাকা ও দিল্লি সম্পর্কোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়।

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল: ‘ভারতের অভ্যন্তরীণ ব্যাপার’

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম কথা বিএনপির এখানে কোনো মনোভাব থাকার কথা না। ভারতে নির্বাচন হচ্ছে, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, ওদের গণতন্ত্রের ব্যাপার। আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে অনেকদিন পরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, বাংলাদেশে আমরা সবসময় যে রকম বলে আসছি, আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেরকমই আমরা চাইব আমাদের আশপাশের সব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং গণতন্ত্রের বিজয় হোক।

আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, “ফরেন পলিসি ডু নট ওয়ার্ক দ্যাট ওয়ে। একটি দেশের ফরেন পলিসি একটি দেশের স্বার্থ-সংশ্লিষ্ট হয়। আমরা আগেই বহুবার বলেছি, আজকেও বলছি, প্রধানমন্ত্রীর যে ফরেন পলিসি ‘বাংলাদেশ ফার্স্ট’, সেই পলিসিতে চলব আমরা। সেটা অন্যান্য দেশে যে সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি একই থাকবে।”

পুশ-ইন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতে কোন সরকার ক্ষমতায় আছে তা বিবেচ্য নয় (নো ম্যাটার হুইচ গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার ইন ইন্ডিয়া)। আমাদের সঙ্গে ওদের ইস্যুগুলো কিন্তু রয়েই যায়। তো ওগুলো তো আমাদের অবশ্যই ডিল করতে হবে। বিজেপি হোক বা অন্য যেকোনো রাজনৈতিক দলই হোক (ওয়েদার ইটস বিজেপি অর এনি আদার পলিটিকাল পার্টি)।’

‘আমাদের ওদের সঙ্গে পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন সেটা আছে। আরও অনেক ইস্যু আছে, সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে। সেগুলো যে সরকারই আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সঙ্গে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে।’

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft