শুক্রবার ৮ মে ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা নিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মতবিনিময় সভা
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:০৮ পিএম   (ভিজিট : ১২২১)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রতিমন্ত্রী উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে শিক্ষার ভিশন হিসেবে দক্ষতা বৃদ্ধিকে নির্ধারণ করেছেন, যা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লক্ষ্য হলো শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি করা। তিনি উল্লেখ করেন, ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা একটি কার্যকর মাধ্যম।

তিনি আরও বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ খাতের কার্যক্রম আরও সম্প্রসারণ ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তিনি মাঠপর্যায়ের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।

মতবিনিময় সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোখলেছুর রহমান (এনডিসি), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft