শনিবার ১৮ এপ্রিল ২০২৬
তেলের লাইনে ১২ দিন ধরে পড়ে আছে মোটরসাইকেল, খোঁজ নেই চালকের
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ১৬৯)
সারাদেশের মতো রংপুর-এও জ্বালানি তেলের সংকট ঘিরে ফিলিং স্টেশনগুলোতে ঘটছে নিত্যনতুন ঘটনা। কখনো তা দুর্ভোগের, কখনো হাতাহাতি, আবার কখনো হতাশার—এর মাঝেই ঘটছে কিছু ব্যতিক্রমী ঘটনাও।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার মেসার্স ইউনিক ফিলিং স্টেশন-এ। এখানে জ্বালানি তেল নিতে এসে লাইনে একটি মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে উধাও চালক। অনেক খোঁজাখুঁজির পরও চালকের সন্ধান না পেয়ে বিপাকে পড়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ফিলিং স্টেশনটিতে গিয়ে দেখা যায় চালকবিহীন একটি বেওয়ারিশ মোটরসাইকেল। এটি TVS Motor Company-এর মেট্রো প্লাস মডেলের। নম্বর প্লেটে লেখা রয়েছে—রংপুর মেট্রো-হ ১১-০৫৭২।

খোঁজ নিয়ে জানা যায়, মোটরসাইকেলটি গত ৫ এপ্রিল তেল নিতে এসে রেখে যান এক চালক। এরপর ১২ দিন পেরিয়ে গেলেও তার আর দেখা মেলেনি। ফলে গাড়িটি সঠিক মালিকের কাছে হস্তান্তর করতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন পাম্প কর্তৃপক্ষ।

ফিলিং স্টেশনের বিক্রয় কর্মী আলমগীর ইসলাম জানান, তেল নিতে এসে লাইনে রেখে চালক চলে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর অন্য চালকদের অসুবিধা হওয়ায় তারা মোটরসাইকেলটি সরিয়ে রাখেন। পরদিন সকালেও সেটি একই অবস্থায় থাকায় পরে পাহারাদারের জিম্মায় রাখা হয়।

আরেক কর্মচারী বিপ্লব ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে চালককে খুঁজে বের করার চেষ্টা করা হলেও মোটরসাইকেলটি এমন স্থানে রাখা হয়েছিল, যা ক্যামেরার আওতায় ছিল না।

স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান জানান, মালিককে খুঁজে পেতে তারা গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালাচ্ছেন।

এদিকে লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য চালকদের মতে, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাওয়া যায় না। অনেক সময় লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হয়। এমন পরিস্থিতিতে কেউ বিরক্ত হয়ে মোটরসাইকেল রেখে চলে গেছেন—এমনটাই ধারণা তাদের।

রংপুর পেট্রোল পাম্প ডিলারর্স, এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মিন্টু বলেন, চাহিদার তুলনায় অর্ধেক তেলও পাওয়া যাচ্ছে না। রংপুরে ৪৮টি পাম্প থাকলেও সংকটের কারণে প্রায় ৩০টি পাম্প প্রতিদিন বন্ধ থাকছে। বাইরের জেলা থেকে চালকরা আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

তিনি আরও বলেন, প্রতিদিন সব পাম্পে কিছু করে তেল সরবরাহ করা গেলে সংকট অনেকটাই কমে আসত।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
হজ ফ্লাইট উদ্বোধন
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন
আদিতমারী উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সোহরাবের পদত্যাগ
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft