রবিবার ৩১ মে ২০২৬
মধ্যনগরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ৮২২)
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ঘাসী নদীর (দ্বিতীয় খণ্ড) একটি অংশে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছে ইজারাপ্রাপ্ত মৎস্যজীবী সমবায় সমিতি।

অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী নদী (দ্বিতীয় খণ্ড) ১৪৩১ বাংলা সন থেকে ১৪৩৩ বাংলা সন পর্যন্ত বৈধভাবে ইজারা নিয়ে পরিচালনা করছে হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সমিতির সভাপতি আজিজ মিয়া জানান, গত ৪ মার্চ সকালে নদীতে নিয়োজিত পাহারাদার ফোনে তাকে জানান, বংশীকুন্ডা বাজার-সংলগ্ন নদীর পূর্ব পাশে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে নদীতে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে থাকতে দেখা যায়।

সমিতির দাবি, এতে আনুমানিক দুই লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক ধাক্কা। তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন।

সমিতির সভাপতি আজিজ মিয়া বলেন, আমরা সরকারি সব নিয়ম মেনে নদীটি পরিচালনা করে আসছি। পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমরা দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ চাই।

স্থানীয় সচেতন মহলের মতে, নদীতে বিষ প্রয়োগের ঘটনা কেবল অর্থনৈতিক ক্ষতির কারণ নয়; এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হচ্ছে, যা দীর্ঘমেয়াদে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft