রবিবার ৩১ মে ২০২৬
ট্রাক মার্কায় নিজ ভোট দিয়ে সমর্থন চাইলেন মঞ্জুরুল আহসান মুন্সী
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ৫৫৫)
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এবারের নির্বাচনে তিনি দলীয় প্রতীকে ভোট দিতে পারেননি। তথ্য গোপন ও ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়।

প্রার্থিতা বাতিল ও দল থেকে বহিষ্কারের প্রেক্ষাপটে ভোট প্রদান শেষে তিনি প্রকাশ্যে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে ভোট চান, যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

ভোট দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক দুটি পোস্টে মঞ্জুরুল আহসান মুন্সী নিজেকে “দেবীদ্বারের মাটি ও মানুষের নেতা” হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, নিজ কেন্দ্রে গিয়ে ট্রাক মার্কায় ভোট দিয়েছেন এবং দেবীদ্বারের ভোটারদেরও একই প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ধানের শীষ প্রতীকের প্রার্থী না থাকায় তিনি এই অবস্থান নিয়েছেন বলে স্থানীয় পর্যবেক্ষকদের ধারণা।

এদিকে সম্প্রতি তাঁর একটি ৫৩ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর বক্তব্যকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে তাঁকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়। একই ঘটনায় বুধবার কুমিল্লার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির আদালতে তাঁকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হয়। জ্যেষ্ঠ সহকারী জজ তাফরিমা তাবাসুমের আদালতে তাঁর আইনজীবী দাবি করেন, ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে এবং তাঁর মক্কেল এমন কোনো মন্তব্য করেননি।

মঞ্জুরুল আহসান মুন্সী এ ঘটনায় তাঁর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর সমর্থকদের দায়ী করেছেন। তবে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, মনোনয়ন হারানোর পর থেকেই মঞ্জুরুল আহসান মুন্সী ভোটার ও প্রতিদ্বন্দ্বীদের নিয়ে অশালীন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

সব মিলিয়ে মঞ্জুরুল আহসান মুন্সী বর্তমানে রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছেন। তাঁর অভিযোগ, একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে তাঁর মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কারের পেছনে কাজ করেছে। তিনি দাবি করেন, অনেক ঋণখেলাপি প্রার্থী উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পেলেও তাঁকে বঞ্চিত করা হয়েছে।

উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই তাঁর ভোট প্রদান এবং ট্রাক প্রতীকের পক্ষে প্রকাশ্য অবস্থান নেওয়া দেবীদ্বারের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft