শনিবার ৬ জুন ২০২৬
বিভক্তির রাজনীতি ছাপিয়ে ঐক্যের বার্তা
কায়কোবাদের পক্ষে সরে দাঁড়াল গণঅধিকার পরিষদ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৩ এএম   (ভিজিট : ৫৭০)
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে রাজনৈতিক সমঝোতার এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ ফজল হোসেন কায়কোবাদের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ মনিরুজ্জামান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুরাদনগর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন (বি.কম)। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান দুঃশাসন, ভোটাধিকার হরণ ও গণতন্ত্রের সংকট মোকাবিলায় কেন্দ্রীয় জোটের সিদ্ধান্ত এবং স্থানীয় রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, এই ঐক্য কোনো সাময়িক রাজনৈতিক কৌশল নয়; বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং অন্যায়, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নেওয়া একটি দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান।

বক্তব্যে বলা হয়, মুরাদনগরের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠাই এই রাজনৈতিক ঐক্যের মূল লক্ষ্য। বিভক্তি নয়—ঐক্যই জনগণের প্রকৃত শক্তি, আর সেই শক্তির মাধ্যমেই অন্যায়ের বিরুদ্ধে বিজয় অর্জন সম্ভব।

সংবাদ সম্মেলন থেকে মুরাদনগরের সর্বস্তরের জনগণ, তরুণ সমাজ ও গণতন্ত্রকামী সকল শক্তির প্রতি ঐক্যের পক্ষে থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গণঅধিকার পরিষদের ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীদের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দাউদ উদ্দিন শহীদ, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব সরকারসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft