শনিবার ৬ জুন ২০২৬
আবদুল কাদেরের পাশে থাকার প্রতিশ্রুতি ছাত্রদল সভাপতি রাকিবের
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৬ এএম   (ভিজিট : ৪৩৪)
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই’। তার এই পোস্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পাশে থাকার আশ্বাস দিয়েছেন।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আবদুল কাদের ফেসবুকে লিখেন, ‘আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।’

তিনি অভিযোগ করেন, রাজাকার নিয়ে কথা বলার কারণে তাকে নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। শুধু অনলাইনেই নয়, বাড়িতে গিয়ে তার মাকেও কথা শোনানো হচ্ছে। এতে তিনি এখন আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম লিখেন, ‘কাদের তোমাকে কথা দিচ্ছি, রাজাকার, আলবদর, আলশামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশা আল্লাহ।’

তিনি আরও লিখেন, ‘আলবদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতা-কর্মী, গুপ্তবাহিনী, সমর্থক, সাথীবৃন্দ, জনশক্তি দ্বারা শুধু সচেতন নারী নেতৃত্বই নয়, বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, সেই দাবি করছি। সময়ের পরিক্রমায়, অপরাধীদের বিচার সুনিশ্চিত।’

প্রসঙ্গত, আবদুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০১৮-১৯ সেশনের আবাসিক শিক্ষার্থী।

তিনি জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সমন্বয়ক হিসেবে ৯ দফা ঘোষণা করে পরিচিত হয়ে ওঠেন। গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় সাত সমন্বয়ককে যখন আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল, সে সময় সংবাদমাধ্যমে কাদেরের পাঠানো বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি জানানো হতো।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রদের নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক হন তিনি।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft