রবিবার ১০ মে ২০২৬
কারো জন্য সংলাপ থেমে থাকবে না : কাদের
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ২:৫২ পিএম   (ভিজিট : ৬৪৭)
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেউ সংলাপে আসুক, বা না আসুক নির্বাচন কমিশন (ইসি) গঠন থেমে থাকবে না। তাই বিএনপিকে নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর মন্ত্রিপাড়ায় নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন,  খালেদা জিয়া বিএনপি নেতাদের অপরাজনীতির দাবার ঘুঁটি। বন্দি খালেদা জিয়া অধিকতর শক্তিশালী এমন দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপি নেতারা তার মুক্তির চেষ্টা করেনি বলেও মন্তব্য করেন তিনি। 

সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলার শুরু থেকে এখন পর্যন্ত তারা মিথ্যাচার আর অপরাজনীতির উপরই ভরসা করে চলছে। তার চিকিৎসা নিয়েও রাজনীতি করছে বিএনপি নেতারা ৷ তারা চিকিৎসার চেয়ে রাজনৈতিক ফায়দা হাসিলকেই অধিকতর গুরুত্ব দিয়েছে। বরং শেখ হাসিনাই খালেদা জিয়ার প্রতি উদারতা এবং মানবিকতার নজির স্থাপন করেছেন। অথচ সেই কৃতজ্ঞতাবোধও বিএনপিতে নেই।

রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন এবং এই সংলাপে নাকি সঙ্কটের সমাধান হবে না- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এর আগেও ইসি গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, এবারও সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

গতবারও বিএনপির তালিকা থেকে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়ায় বক্তব্য দিয়ে শক্তিশালী ইসি গঠন করা যাবে না। এজন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর মাধ্যমেই প্রমাণ হবে বিএনপি আসলেই কি শক্তিশালী নির্বাচন কমিশন চায়, নাকি বিতর্ক সৃষ্টি করতে চায়।

সরকার দেশকে অগণতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত করেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃতপক্ষে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শেখ হাসিনার নিরলস প্রয়াসে বিএনপিই পদে পদে বাঁধা সৃষ্টি করছে৷ বিএনপির বহুদলীয় তামাশা আর ভোটারবিহীন নির্বাচনই দেশকে গণতন্ত্র থেকে ছিটকে দিয়েছিল। সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে বিএনপিই গণতন্ত্রের কবর রচনা করতে চেয়েছিল ৷ আপাদমস্তক অগণতান্ত্রিক এবং লুটপাটের রাজনীতির জনক বিএনপি মুখে গণতন্ত্রের বুলি ছাড়লেও অন্তরে সাম্প্রদায়িকতা, আর সুবিধাবাদ লালন করে।

তিনি বলেন, বিএনপিই দেশকে ধর্মান্ধ, উগ্রবাদী ও সাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে চিহ্নিত করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশকে বিশ্ব-দরবারে সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

‘সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে’  বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, মিথ্যাচার আর বিএনপি এখন সমার্থক শব্দ। বিএনপি নেতাদের অবিরাম মিথ্যাচারের দাপটে এখন আর তাদের বক্তব্যে সত্যের লেশমাত্র খুঁজে পাওয়া যায় না।

জনগণের সম্পদ লুণ্ঠনের টাকায় চলছে বিএনপি নেতাদের বিলাসী জীবন এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের মুখে জনগণের কথা লোক দেখানো বাক্য ছাড়া আর কিছু নয়।

আজকালের খবর/বিএস 









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft