আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৭ জুন) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বর্ণাঢ্য আয়োজনে অলিম্পিক ডে-২০২৬ উদযাপিত হয়েছে।
রাজধানীতে আয়োজিত কেন্দ্রীয় র্যালির উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। উদ্বোধনী বক্তব্যে তিনি অলিম্পিকের মূল মূল্যবোধ—উৎকর্ষ, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সক্রিয় ও প্রাণবন্ত জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।
এবারের অলিম্পিক ডে উদযাপনের প্রতিপাদ্য ছিল ‘তুমিও পারবে, চল সবাই নড়াচড়া করি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়াবিদসহ সর্বস্তরের মানুষকে শরীরচর্চা ও খেলাধুলায় উদ্বুদ্ধ করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে কেন্দ্রীয় র্যালিটি শুরু হয়ে এয়ারপোর্ট সড়ক ও স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। একই সময়ে দেশের আরও সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র্যালি ও বিভিন্ন ক্রীড়া কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালি শেষে একটি মনোমুগ্ধকর ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, অলিম্পিয়ান, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মীসহ এক হাজার পাঁচ শতাধিক মানুষ র্যালি ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আজকালের খবর/ এমকে