সোমবার ১ জুন ২০২৬
দুর্নীতির অভিযোগে ডিএসসিসির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১৯)
বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, টেন্ডার কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অফিস আদেশ অনুযায়ী, গোলাম কিবরিয়া ডিএসসিসির অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োজিত ছিলেন।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের একটি বিশেষ স্মারকের পরিপ্রেক্ষিতে ডিএসসিসির বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম, বিশেষ করে বিপণিবিতানগুলোর দোকান বরাদ্দ ও পরিচালনাসংক্রান্ত বিষয়ে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এর পরেই ডিএসসিসি কর্তৃপক্ষ এ কঠোর পদক্ষেপ নিল।

দপ্তর আদেশে বলা হয়েছে, অভিযোগগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত এবং বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে (গোলাম কিবরিয়া) দায়িত্বে রাখা সমীচীন নয়। এই কারণে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ধরনের প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।

সাময়িক বরখাস্তের এই সময়কালজুড়ে গোলাম কিবরিয়াকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত (অ্যাটাচড) করা হয়েছে। বিধি অনুযায়ী এ সময়ে তিনি অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন কি না, তা তদন্তের রিপোর্টের ওপর নির্ভর করবে।

এদিকে, ডিএসসিসির এই কড়া পদক্ষেপের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে করপোরেশন সূত্র।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft