কোরবানির হাটে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। আজ মঙ্গলবার (২৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, ‘পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পশু কিনে ফিরতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।’
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। কোথাও কোনো চাঁদাবাজির সুযোগ নেই।’
তাঁদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।’
পরিদর্শনকালে হাটের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণ কার্যক্রম ঘুরে দেখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঈদকে সামনে রেখে রাজধানীর অন্যতম বৃহৎ এই পশুর হাটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও জানানো হয়।
আজকালের খবর/কবির