বলপূর্বক বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (১৯ মে) সকালে সচিবালয়ে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)'র একটি যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান।
রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনা করা, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নয়নে রোহিঙ্গাদের জন্য একটি টেকসই সমাধান নিশ্চিত করার পরিকল্পনায় এ মিশন পরিচালিত হচ্ছে।
ইউএনএইচসিআর-এর ডেপুটি হাইকমিশনার মিসেস কেলি টি. ক্লেমেন্টস এবং ডব্লিউএফপি-এর সহকারী নির্বাহী পরিচালক মিসেস রানিয়া দাগাশ কামারা এই মিশনের যৌথ নেতৃত্ব দেন। অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উচ্চপদস্থ দাতা প্রতিনিধিরা বৈঠক অংশ নেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস