মালয়েশিয়ার জোহর বাহরুতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই দিনব্যাপী বিশেষ মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ হাইকমিশন। ৯ ও ১০ মে অনুষ্ঠিত এই ক্যাম্পে পাসপোর্ট এনরোলমেন্ট, পাসপোর্ট বিতরণসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদান করা হয়।
হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি কনস্যুলার টিম জোহর বাহরুর একটি অগ্রণী রেমিট্যান্স হাউসে এ সেবা কার্যক্রম পরিচালনা করে। দূরবর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ ভোগান্তি কমিয়ে তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দুই দিনব্যাপী এ ক্যাম্পে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তারা নতুন পাসপোর্টের আবেদন, নবায়ন, বায়োমেট্রিক এনরোলমেন্ট, প্রস্তুত পাসপোর্ট বিতরণসহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করেন। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং বিভিন্ন তথ্যসংক্রান্ত পরামর্শও দেওয়া হয়।
প্রবাসীদের অনেকেই জানান, রাজধানী কুয়ালালামপুরে গিয়ে সেবা নিতে সময় ও অর্থ ব্যয় করতে হয়। তাই জোহর বাহরুতে এ ধরনের মোবাইল কনস্যুলার ক্যাম্প তাদের জন্য অনেক সহায়ক হয়েছে। বিশেষ করে কর্মব্যস্ত প্রবাসীদের জন্য এমন উদ্যোগ স্বস্তি এনে দিয়েছে বলে তারা মন্তব্য করেন।
এদিকে, ঢাকাস্থ ফরেন সার্ভিস একাডেমির ২৪ জন ট্রেইনী অফিসারের মালয়েশিয়ায় চলমান কনস্যুলার এটাচমেন্ট কর্মসূচির অংশ হিসেবেও এই ক্যাম্প আয়োজন করা হয়। প্রশিক্ষণার্থীরা এ সময় মোবাইল কনস্যুলার ক্যাম্পের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
জানা গেছে, ভবিষ্যৎ কূটনীতিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের বিদেশে বাংলাদেশ মিশনের কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। জোহর বাহরুর এই ক্যাম্পে অংশ নিয়ে তারা প্রবাসীদের সেবা প্রদান, নথি যাচাই, পাসপোর্ট প্রক্রিয়াকরণ এবং মাঠপর্যায়ের প্রশাসনিক সমন্বয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল কনস্যুলার সেবা কার্যক্রম শুধু প্রবাসীদের দুর্ভোগ কমায় না, বরং প্রবাসী জনগোষ্ঠীর সঙ্গে দূতাবাস ও হাইকমিশনের সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করে। একই সঙ্গে নতুন কর্মকর্তাদের জন্য এটি কার্যকর প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবেও কাজ করছে।
কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের সুবিধার্থে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে এ ধরনের মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আজকালের খবর/ এমকে