সোমবার ১১ মে ২০২৬
অর্থনীতির গণতান্ত্রিকীকরণই বর্তমান সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১১)
অর্থনীতির গণতান্ত্রিকীকরণই বর্তমান সরকারের রাজনৈতিক দর্শনের মূল কেন্দ্রবিন্দু বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের প্রধান উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার লক্ষ্যে সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে হবে। আজ ১০ মে ২০২৬, রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে আয়োজিত দক্ষতা উন্নয়ন বিষয়ক ‘RAISE’ প্রকল্পের ২য় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘Stepping Forward: The Inauguration of RAISE-2’ শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের অ্যাক্টিং ডিভিশন ডিরেক্টর (বাংলাদেশ ও ভুটান) ড. গেইল এইচ মার্টিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী পিকেএসএফ-এর উন্নয়ন দর্শনের প্রশংসা করে বলেন, সরকারের লক্ষ্যমাত্রার সাথে পিকেএসএফ-এর কার্যক্রম শতভাগ সামঞ্জস্যপূর্ণ। অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সুষম বণ্টনের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পিকেএসএফ-কে সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা দেওয়া হবে। বিশেষ অতিথি নাজমা মোবারেক আশা প্রকাশ করেন যে, পিকেএসএফ-এর কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ খাতে আরও বেশি মানুষের টেকসই কর্মসংস্থান নিশ্চিত হবে।

বিশ্বব্যাংকের প্রতিনিধি ড. গেইল এইচ. মার্টিন বাংলাদেশের শ্রমবাজারে প্রতি বছর যুক্ত হওয়া ২০ লাখেরও বেশি তরুণের কারিগরি জ্ঞান ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, RAISE প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে নারী ও তরুণদের প্রশিক্ষণে বিশেষ জোর দেওয়া হবে। পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান সংস্থাটিকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এ ভূষিত করার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে জিডিপিতে অপ্রাতিষ্ঠানিক খাতের অবদান ৩০ শতাংশের বেশি এবং পিকেএসএফ-এর মাধ্যমে প্রায় ৭০ লক্ষ পূর্ণকালীন কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, ২০৩০ সালে সমাপ্ত হতে যাওয়া RAISE প্রকল্পের ২য় পর্যায়ে সরাসরি উপকৃত হবেন ৪ লাখ ২৩ হাজার ১০০ জন। এই পর্যায়ে চর, হাওর, পার্বত্য ও উপকূলীয় এলাকার জলবায়ু-ঝুঁকিপূর্ণ তরুণদের পাশাপাশি দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে। শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ১,৬০০ নারীকে ‘হোম-বেজড চাইল্ডকেয়ার’ উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদানের বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে এ প্রকল্পের আওতায়। অনুষ্ঠানে প্রকল্পের সফল অংশগ্রহণকারীরা তাদের জীবন পরিবর্তনের গল্প তুলে ধরেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft