পিরোজপুরে মঙ্গলবার সকাল থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। তিনি বলেন, “বর্তমান বিশ্বে অসংক্রামক ব্যাধি ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। ২০২৬ সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল লক্ষ্য স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, স্মার্ট ও টেকসই করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”
সভায় বক্তব্য রাখেন জেলা হাসপাতালের পরিচালক ডা. শিশির রঞ্জন অধিকারী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসআইএমও ডা. সাজিয়া নওশীন, ঝপিয়েগো (Jhpiego) প্রকল্পের ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অফিসার ডা. নুসরাত জাহান, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ ফয়েজ কাউছার, ব্র্যাক (টিবি) বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক প্রদীপ কুমার তরফদার, ব্র্যাক (টিবি) পিরোজপুর জেলা ব্যবস্থাপক মো. আব্দুল হাই এবং ব্র্যাক স্বাস্থ্য প্রোগ্রামের এলাকা ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার।
বক্তারা হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো অসংক্রামক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ‘ওয়ান হেলথ’ ধারণার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভার আগে ডা. মতিউর রহমানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ এমকে