ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০৪ (উখিয়া–টেকনাফ) আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সরকারিভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, বর্ষীয়ান রাজনীতিবিদ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। কেন্দ্রভিত্তিক ভোট ও পোস্টাল ব্যালট গণনা শেষে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহম্মদ আনোয়ারীর চেয়ে মাত্র ৯২৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।
এই জয়ের মধ্য দিয়ে কক্সবাজার-৪ আসনে পঞ্চমবারের মতো বিজয়ের মুকুট পরলেন শাহজাহান চৌধুরী। এর আগে তিনি টানা চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ, রেলপথ মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। সংসদীয় রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ত নেতৃত্বই এই নির্বাচনে তাকে নতুন করে বিজয়ের পথে এগিয়ে নেয়।
ভোটের ব্যবধান ও কেন্দ্রভিত্তিক ফলাফল
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, উখিয়া উপজেলার ৫৪টি ভোটকেন্দ্রে শাহজাহান চৌধুরী ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ১১ ভোট। অপরদিকে জামায়াত প্রার্থী নুর আহম্মদ আনোয়ারী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৯৩৯ ভোট। এখানে ব্যবধান দাঁড়ায় ১ হাজার ৭২ ভোট।
টেকনাফ উপজেলার ৬১টি ভোটকেন্দ্রে শাহজাহান চৌধুরী পেয়েছেন ৬২ হাজার ৩৩৭ ভোট এবং নুর আহম্মদ আনোয়ারী পেয়েছেন ৬১ হাজার ১০৪ ভোট। ফলে টেকনাফ উপজেলায় ব্যবধান দাঁড়ায় ১ হাজার ২৩৩ ভোট।
দুই উপজেলার কেন্দ্রভিত্তিক মোট ভোটে শাহজাহান চৌধুরীর প্রাপ্ত ভোট ১ লাখ ২২ হাজার ৩৪৮ এবং নুর আহম্মদ আনোয়ারীর প্রাপ্ত ভোট ১ লাখ ২০ হাজার ৪৩। এতে কেন্দ্রভিত্তিক ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৩০৫ ভোট।
তবে পোস্টাল ব্যালট ভোটে এগিয়ে ছিলেন জামায়াত প্রার্থী। মোট ২ হাজার ৫৫০টি পোস্টাল ব্যালটের মধ্যে নুর আহম্মদ আনোয়ারী পেয়েছেন ১ হাজার ৯৩৭ ভোট এবং শাহজাহান চৌধুরী পেয়েছেন ৫৬১ ভোট। এতে পোস্টালে ব্যবধান দাঁড়ায় ১ হাজার ৩৭৬ ভোট।
সব ভোট যোগ করে চূড়ান্ত হিসাবে শাহজাহান চৌধুরী পেয়েছেন মোট ১ লাখ ২২ হাজার ৯০৯ ভোট, আর নুর আহম্মদ আনোয়ারী পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৯৮০ ভোট। ফলে চূড়ান্ত ব্যবধান দাঁড়ায় ৯২৯ ভোট।
এদিকে, সরকারি ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই উখিয়া ও টেকনাফজুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দের জোয়ার বইতে শুরু করে। বিভিন্ন স্থানে বিজয় মিছিল, শোভাযাত্রা, স্লোগান, মিষ্টি বিতরণ ও সংবর্ধনার মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। পুরো আসনজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিজয়ের প্রতিক্রিয়ায় শাহজাহান চৌধুরী বলেন, “এই বিজয় উখিয়া–টেকনাফবাসীর ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমি আজীবন জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা এবং মানুষের অধিকার রক্ষায় অতীতের মতো সামনে থেকেও কাজ করে যাবো।”
তিনি আরও বলেন, “সব রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে উখিয়া–টেকনাফকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নবান্ধব অঞ্চলে রূপান্তরের জন্য নিরলস চেষ্টা চালাবো।”
উল্লেখ্য, বর্ষীয়ান এই রাজনীতিবিদ এর আগে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদের হুইপ ছাড়াও তিনি রেলপথ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করে দক্ষতার স্বাক্ষর রাখেন। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা কক্সবাজার অঞ্চলে বিশেষভাবে প্রশংসিত।
আজকালের খবর/ এমকে