ডাকসু ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ ও দূর্ণীতি মুক্ত এবং ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। এজন্য ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
জামায়াত ক্ষমতায় আসলে এদেশের নারীরা সবচেয়ে নিরাপদে থাকবে এবং মায়েরা-বোনেরা নির্ভয়ে ও নিরাপদে পথ চলতে পারবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন ,জুলাই পরবর্তী সময়ে একটি রাজনৈতিক দল নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে বিভিন্ন সংঘর্ষে শতাধিক নেতাকর্মী হারিয়েছে! তারা দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারবে না, বরং জামায়াতই জুলাই পরবর্তী সময়ে মানুষের পাশে থেকে নিরাপত্তার হাত বাড়িয়ে দিয়েছে।
শ্যামনগর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এইচ.এম. আব্দুল হালিম, খুলনা-১( দাকোপ-বটিয়াঘাটা) আসনের জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দী।
আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা সাতক্ষীরা- ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ।
মাওলানা আব্দুল হালিম বলেন,দেশের মানুষ আজ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, জামায়াতের বাস্তবসম্মত ও বিজ্ঞান ভিত্তিক ইশতেহারের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নের একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে।
সভায় খুলনা-১(দাকোপ-বটিয়াঘাটা)আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বিগত সময়ে সাতক্ষীরায় চালানো জুলুম-নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, জামায়ত ক্ষমতায় আসলে এ দেশের হিন্দুরা নিরাপদে থাকবে । তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সাতক্ষীরার চারটি আসন জামায়াতের মনোনিত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্য বক্তারা শ্যামনগরের টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনকে পর্যটন কেন্দ্রে রূপান্তর, রেললাইন স্থাপন এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।
একই সাথে ৫৪ বছরের মাফিয়া শাসনের অবসান ঘটাতে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান বক্তারা।
কাওছার/আজকালের খবর