উনবিংশ জাতীয় পিঠা উৎসব আয়োজন করতে না পারায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর দায়িত্বহীনতাকে দায়ী করেছেন জাতীয় পিঠা উৎসব উদযাপন কমিটি। এজন্য তারা আনুষ্ঠানিকভাবে দু:খ প্রকাশ করেছেন। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই ব্যর্থতার কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, নানা প্রতিবন্ধকতার কারণে এ বছর জাতীয় পিঠা উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। এ ব্যত্যয়ের জন্য তারা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর দায়িত্বহীনতাকেই দায়ী করেন।
গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সদস্য সচিব খন্দকার শাহ্ আলম। তিনি বলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই উৎসব আয়োজনের জন্য পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা না পাওয়ায় শেষ পর্যন্ত আয়োজনটি স্থগিত রাখতে হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আহসান উল্লাহ চৌধুরী, সৌয়দ জাকির হোসাইন, আব্দুল আজিজ, আমানুল হক, দীপা খন্দকার, সুলতানা হায়দার, নিলুফার ওয়াহিদ পাপড়ি, মফিজুর রহমান লাল্টুসহ আরও অনেকে। তারা সবাই জাতীয় পিঠা উৎসবের মতো একটি লোকজ ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী আয়োজন বন্ধ হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা ও সদিচ্ছা থাকলে জাতীয় পিঠা উৎসব আবারও আগের মতো জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা সম্ভব হবে।
আজকালের খবর/আতে