গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে অভিবাসী বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে শুরু হয় উৎসবের আমেজ। সেই ধারাবাহিকতায় মিশিগানে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন। রোববার হ্যারিসন টাউনশিপের মেট্রো পার্কে বৃষ্টিবিঘ্নিত আবহাওয়া উপেক্ষা করে দিনব্যাপী এই আয়োজন পরিণত হয়েছিল প্রবাসী হবিগঞ্জবাসীর এক মিলনমেলায়।
অনুষ্ঠানের সূচনা হয় বর্ণিল বেলুন উড়িয়ে এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। পরে সংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানিয়ে প্রবাসে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য লালনের গুরুত্ব তুলে ধরেন।
দুপুরে পরিবেশিত হয় দেশীয় স্বাদের মধ্যাহ্ন ভোজ। বৈরী আবহাওয়ার মধ্যেও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনে যোগ করে ভিন্নমাত্রা। শিশুদের দৌড় প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা, মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা এবং হাসি-আনন্দে ভরা নানা বিনোদনমূলক আয়োজন দিনটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচ বড় পর্দায় সরাসরি উপভোগের ব্যবস্থা। প্রিয় দলের সমর্থনে উচ্ছ্বাস, করতালি আর আবেগে মুখর ছিল পুরো ভেন্যু। যদিও ব্রাজিলের পরাজয়ে অনেক সমর্থকের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয়।
দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। এতে একটি গাড়িসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। সব মিলিয়ে আনন্দ, সম্প্রীতি, পারিবারিক বন্ধন ও শেকড়ের টানে আয়োজিত এ বনভোজন প্রবাসে বাংলাদেশের আবহ সৃষ্টি করে।
সংগঠনের সভাপতি মোঃ নুর মিয়া এবং সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারের আয়োজন ছিল একে অপরের বন্ধন অটুট রাখা এবং পারস্পরিক সহযোগিতায় আমাদের পথচলা দৃঢ় রাখা। পাশাপাশি নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখা।
অনুষ্ঠানটিকে সফল ও স্বার্থক করে তুলে ধরার জন্য সকল অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
আজকালের খবর/কবির