বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামীকাল বৃহস্পতিবার বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চে আসছে দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নির্মিত একক নাটক ‘ভাসানে উজান’। নাট্যদল বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনায় এটি হতে যাচ্ছে নাটকটির ৯ম প্রদর্শনী।
মানুষের অন্তর্গত নীরবতা, অপরাধবোধ, ভালোবাসা ও একাকিত্বের সূক্ষ্ম দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘ভাসানে উজান’ মূলত এক অন্তর্মুখী যাত্রা। একক চরিত্রের মধ্য দিয়েই উন্মোচিত হয় মানুষের অন্তর্লোকের জটিল মনস্তত্ত্ব। এখানে সংলাপের চেয়ে অনুভবের ভাষাই মুখ্য, নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী উচ্চারণ। দস্তয়ভস্কির গভীর মনস্তাত্ত্বিক বয়ানকে বাংলা নাট্যমঞ্চের উপযোগী করে নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। নাটকটিতে একক অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা মো. এরশাদ হাসান।
দেশের প্রাচীনতম নাট্যদল থিয়েটার (বেইলী রোড)-এর সঙ্গে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় থাকা এরশাদ হাসানের অভিনয়ে ‘ভাসানে উজান’ পেয়েছে এক নতুন মাত্রা এমনটাই মনে করছেন নাট্যপ্রেমীরা। শিল্পমান, সৃজনশীলতা ও ক্রমবিকাশমান অভিনয় দক্ষতার এক অনন্য প্রকাশ ঘটেছে এই নাটকের মাধ্যমে। একক অভিনয়ের মধ্য দিয়ে তিনি যেন বহন করছেন নিজের দীর্ঘ অভিনয় জীবনের এক বিশেষ তাৎপর্য। সংযত অভিনয়, গভীর অভিব্যক্তি এবং নিয়ন্ত্রিত শরীরী ভাষা দর্শকদের ভেতরে জন্ম দেয় এক ধরনের আত্মসংলাপ, যা নাটকটি শেষ হওয়ার পরও দীর্ঘক্ষণ রয়ে যায়।
নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন পলাশ হেনড্রী সেন, সংগীত পরিচালনা করেছেন হামিদুর রহমান পাপ্পু, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকি, প্রপস পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ণো এবং কোরিওগ্রাফিতে রবিন বসাক।
আজকালের খবর/আতে