“বনলতা এক্সপ্রেস” সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত সোমবার অনুষ্ঠিত মানববন্ধনে দেয়া ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপির বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে সরাইলের শাহবাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় “সচেতন ইসলাম প্রিয় জনতার” ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২-আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার ইসলাম অবমাননা ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্র বিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী, সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাজী মহিবুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস চলচ্চিত্র প্রর্দশনীতে বাধা দেয়ার অভিযোগ এনে সোমবার বিকেলে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি শাহবাজপুরে অনুষ্ঠিত “ সর্বস্তরের জনগণ” এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখার সময় আযান এবং ওয়াজ নিয়ে কটুক্তি করেছেন।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোন ধরনের অপসংস্কৃতি চলতে দেয়া হবে না। এসময় তারা ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপির বক্তব্যের প্রতিবাদ জানান। বক্তারা ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপিকে সাবধান করে বলেন, ইসলাম নিয়ে কটুক্তি করলে কাউকে ছাড় দেয়া হবে না।
মানববন্ধনে জেলা হেফাজত ইসলামের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেন।
আজকালের খবর/বিএস