বুধবার ৩ জুন ২০২৬
বিরোধী দলে থেকেও স্টিয়ারিং ঠিক করবে জামায়াত: শফিকুর রহমান
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:২০ এএম   (ভিজিট : ৩২)
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধী দল হিসেবে আমরা ছোট নই। দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করতে পারলে বিরোধী দলে থেকেও সরকারি দলের স্টিয়ারিং ঠিক করে দিতে পারবো। আর যদি দেখি পারছি না, তাহলে ওই দুষ্টু গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে বলবো; স্টপ হেয়ার, ডোন্ট ক্রস ইওর লিমিট। 

মঙ্গলবার বিকেল ৫টায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত শাহী ঈদগাহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতির হৃদয়স্থলে একজন ঋণখেলাপিকে বসানো হয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন। তিনি অভিযোগ করেন, সরকার ইসলামী ব্যাংক দখলের ষড়যন্ত্রে লিপ্ত এবং রাতের আঁধারে জুম মিটিং করে ব্যাংক দখলের পরিকল্পনা করছে।

শফিকুর রহমান আরও বলেন, শিশু ধর্ষণ, হত্যা, খুন, চুরি-ছিনতাই আশঙ্কাজনক হারে বেড়েছে। অথচ সরকার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে দলকানাদের বসাতে ব্যস্ত। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রায় ৭০ শতাংশ জনগণের মতামতকে অগ্রাহ্য করে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে। 

তিনি জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে বলেন, রাতের আঁধারে দাম বাড়ানো হয়েছে।
 
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। এছাড়া জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে জামায়াত কাজ চালিয়ে যাবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদে ও রাজপথে লড়াই অব্যাহত থাকবে।

এর আগে ডা. শফিকুর রহমান দুপুরে সিলেটে খুন হওয়া চার বছরের শিশু ফাহিমা আক্তারের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশ ভালো নেই। এতো মানুষের রক্তের বিনিময়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন সেই প্রত্যাশার বিপরীতে হাঁটছে। 

শিশু ফাহিমা হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আমার মুখে আমার হাসি, বুকে আমার কান্না। ফাহিমার ছবি দেখলে চোখে পানি ধরে রাখা সম্ভব হয় না।একটা লম্পট ছেলের হাতে ফাহিমার জীবন ও ইজ্জত ছিন্নভিন্ন হয়েছে। একটা গোলাপ ফুলের মতো বাচ্চাকে তার মা-বাবার চোখের সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। 

এরকম লম্পটদের একমাত্র শাস্তি হচ্ছে তাদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নেই। শাস্তি না হলে লম্পটদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে। তিনি অভিযোগ করেন, ঘটনার পর ২৮ দিন অতিবাহিত হলেও এখনও চার্জশিট দাখিল হয়নি। বিচার দীর্ঘসূত্রিতার দিকে গেলে তা হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিান স্থানীয় সংসদ সদস্যকে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ৬ মে নিখোঁজ হওয়ার পর ৮ মে বাড়ির পাশের একটি ডোবা থেকে ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে প্রতিবেশী চাচা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, গত মাসে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এই মাসে আবার ৫ টাকা করে বাড়ানো হয়েছে। পার্লামেন্টে কোনো আলোচনা ছাড়াই এভাবে দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রতারণা। 

তিনি আরও বলেন, জ্বালানির দাম বৃদ্ধির ফলে সবকিছুর দাম বাড়বে, এতে ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।

হামে শিশু মৃত্যুর প্রসঙ্গেও তিনি সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার যদি হামের টিকা না দিয়ে থাকে, তবে তার জবাব তাদের দিতে হবে। কিন্তু এই সরকারও আগে থেকে ব্যবস্থা নেয়নি। কেন আগে থেকেই টিকার ব্যবস্থা করা হলো না?

পরে সকালে নগরীর একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারিয়েট সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি তরুণ সমাজকে নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা এমন হওয়া উচিত, যা মানুষের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও মূল্যবোধভিত্তিক রূপে পুনর্গঠন করবে। ছাত্রশিবিরকে তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর হাবিবুর রহমান, জেলার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরের সেক্রেটারি শাহজাহান আলী, ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু এবং সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।


আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft