বৃহস্পতিবার ৭ মে ২০২৬
পাইরেসির শিকার ‘রঙবাজার’
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৩১ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৭:৩৫ পিএম  (ভিজিট : ২৯)
চলচ্চিত্রশিল্পে অন্যতম বাধা পাইরেসি। কয়েক বছর ধরে ঢাকাই সিনেমায় আবারও ফিরেছে পাইরেসি আতঙ্ক। গত বছর মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসির কবলে পড়েছিল ‘তাণ্ডব’ ও ‘বরবাদ’ সিনেমা। এবার আরও তীব্র হলো পাইরেসি সমস্যা। মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল রাশিদ পলাশের ‘রঙবাজার’। পুরো সিনেমাটি দেখা যাচ্ছে এইচডি প্রিন্টে।

একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা অবলম্বনে চার বছর আগে রাশিদ পলাশ বানিয়েছেন রঙবাজার। বেশ কয়েকবার মুক্তির প্রস্তুতি নিলেও আলোর মুখ দেখেনি সিনেমাটি। সবশেষ রোজার ঈদে মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা পলাশ। প্রকাশ পেয়েছিল ফার্স্টলুক পোস্টার ও ট্রেলার। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। সম্প্রতি রাশিদ পলাশ জানিয়েছেন, কোরবানির ঈদের পর বড় আয়োজন করে মুক্তি দেওয়া হবে রঙবাজার। শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু তার আগেই পাইরেসির কবলে পড়ল সিনেমাটি।

রঙবাজার পাইরেসির ঘটনা আহত করেছে নির্মাতাকে। জানালেন জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তারা। রাশিদ পলাশ বলেন, ‘এটি খুব দুঃখজনক। ইতিমধ্যে প্রযোজককে বিষয়টি জানিয়েছি। পাইরেসির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

তামজিদ অতুলের গল্পে রঙবাজার সিনেমার চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। এতে উঠে এসেছে ৪০০ বছরের পুরোনো যৌনপল্লি এক রাতে গুঁড়িয়ে দেওয়ার গল্প। লাইভ টেকনোলজিস প্রযোজিত রঙবাজারের শুটিং শুরু হয়েছিল ২০২২ সালে। বেশির ভাগ দৃশ্যধারণ হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে।

সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন এবং মাদক কারবারির ভূমিকায় আছেন মৌসুমী হামিদ। রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠু। আরও আছেন শাহজাহান সম্রাট, প্রণব ঘোষ প্রমুখ।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft