আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরবর্তী আসরের ফাইনাল হওয়াকে এক ধরনের রীতি মনে করা হতো। কিন্তু এই রীতি গত বছরই ভাঙা হয়েছে। ২০২৪ আসরের শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেন্সে ২০২৫ আসরের ফাইনাল হয়নি। এবারো সেই রীতি ভাঙা হচ্ছে।
গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০২৬ ফাইনাল হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। বেঙ্গালুরু থেকে ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদে। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু। আজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।
এ নিয়ে গত পাঁচ বছরের মধ্যে চারবারই আইপিএল ফাইনাল আহমেদাবাদে হতে যাচ্ছে। ফাইনালের পাশাপাশি প্রথম কোয়ালিফায়ারের ভেন্যুও বদলে ফেলা হয়েছে। বেঙ্গালুরুর পরিবর্তে প্রথম কোয়ালিফায়ার হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়।
কেন বেঙ্গালুরু থেকে ফাইনাল ও প্রথম কোয়ালিফায়ার সরিয়ে নেওয়া হয়েছে, সেই ব্যাখ্যাও দিয়েছে বিসিসিআই।
তাদের যুক্তি, বোর্ডের নির্দেশ এবং প্রোটোকল মেনে স্থানীয় (কর্ণাটক) ক্রিকেট সংস্থা এবং কর্তৃপক্ষের কাছ থেকে যে যে জিনিস চাওয়া হয়েছিল, তা দিতে পারেনি।
পাশাপাশি জানানো হয়েছে, পরিচালনাগত এবং যাতায়াতের কিছু সমস্যার কারণে প্লে-অফ পর্ব তিনটি মাঠে রাখা হয়েছে।
তবে বেঙ্গালুরু থেকে আইপিএল ফাইনাল সরিয়ে নেওয়া হতাশা প্রকাশ করেছে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা (কেএসসিএ)।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আইপিএলের প্লে-অফ ম্যাচ আয়োজনে আমাদের সব ধরনের প্রস্তুতি, আগ্রহ ও দৃঢ় ইচ্ছা ছিল। এ ব্যাপারে কেএসসিএ সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ ব্যক্তিগতভাবে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগও করেছেন।
কিন্তু প্লে-অফ ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ায় কেএসসিএ হতাশা প্রকাশ করছে।
আজকালের খবর/বিএস