
জনপ্রিয় সংগীত তারকা, ব্যান্ড ‘আর্ক’র ভোকালিস্ট হাসানের মা রৌশনারা আজিজ মারা গেছেন। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্ক’র সদস্য টিংকু আজিজুর রহমান মৃত্যুর খবরটি নিশ্চিত করে গতকাল লিখেছেন, ‘ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ আজ (৪ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
ওই পোস্টে হাসান ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন টিংকু। তিনি জানান, লালমাটিয়া বিবি মসজিদে গতকাল (৪ মে) বাদ মাগরিব জানাজা শেষে হাসানের মাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।
দোয়া চেয়ে এ সংগীত পরিচালক লেখেন, ‘আমাদের আর্ক ব্যান্ডের সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ আপনারা হাসান ভাইয়ের আম্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’
টিংকুর ওই পোস্টের মন্তব্যের ঘরে হাসানের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে শোক প্রকাশ করেছেন।
আজকালের খবর/আতে