বুধবার ৬ মে ২০২৬
বকেয়া রেখেই নতুন ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৩১)
চামড়া ব্যবসায়ীদের জন্য আগের ঋণের বকেয়া না মিটিয়েই নতুন ঋণ নেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঋণের শর্ত শিথিল করে মঙ্গলবার (৫ মে) এসংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, যেসব ব্যবসায়ীর পূর্বের ঋণ পুনঃতফসিল করা রয়েছে, তাদের ক্ষেত্রে নতুন ঋণ নিতে আগের বকেয়ার একটি অংশ পরিশোধের যে নিয়ম ছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। এই সুবিধা কার্যকর থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।

চামড়াশিল্পকে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাত হিসেবে উল্লেখ করে সার্কুলারে বলা হয়েছে, কোরবানির ঈদ ঘিরেই এ খাতের প্রধান কাঁচামাল সংগ্রহ হয়। ফলে এই সময় ব্যবসায়ীদের হাতে পর্যাপ্ত অর্থপ্রবাহ নিশ্চিত করা না গেলে সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন- সব পর্যায়েই বিঘ্ন ঘটতে পারে। এই প্রেক্ষাপটে ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী চলতি মূলধন ঋণ অনুমোদন ও দ্রুত বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বড় উদ্যোক্তাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, হাট-বাজার ও গ্রাম পর্যায়ের ক্ষুদ্র সংগ্রাহকদের কাছেও যেন অর্থ পৌঁছায়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে ২০২৬ সালের জন্য চামড়া খাতে ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করতে বলা হয়েছে, যা কোনোভাবেই আগের বছরের তুলনায় কম রাখা যাবে না। নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়ন অগ্রগতির তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft