চট্টগ্রামের মীরসরাইয়ে স্কুল থেকে জীবিত বাড়ি ফেরা হলো না প্রথম শ্রেণির স্কুল ছাত্রী নুসরাতের। স্কুল থেকে বাড়ি ফেরার সময় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় লাশ হয়ে ফিরলো সে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চিনকি আস্তানা এলাকায় এ ঘটে।
উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে নুসরাত। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে নুসরাত মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুজ্জামান ভুঁইয়া জানান, চিনকি আস্তানা এলাকায় বাসের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাসটি আটক করা হয়েছে, চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের খবর/বিএস