জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে একটি ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ও মাদারীপুর -৩ আসদনের জাতীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আমাদের পরিচয়, আমাদের গর্ব। আমরা যারা এখানে পড়েছি বা পড়ছি, সবাই এই পরিবারের অংশ।একইসঙ্গে বর্তমান ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ উন্নত করতেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। আমরা নতুন করে প্রতিজ্ঞা করছি, আমরা আমাদের বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
তিনি আরো বলেন,বর্তমান শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তারা যেন কোনো অভাব বোধ না করে, সে জন্য আমরা তাদের অভিভাবক হিসেবে পাশে থাকতে চাই। তাদের শিক্ষা, ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নয়নে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।এই প্ল্যাটফর্মে কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই। আমরা সবাই অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হিসেবে এক ও অভিন্ন। আমরা বিশ্বাস করি, ঐক্যের শক্তিতেই আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো।
তিনি আশা ব্যক্ত করে বলেন,আগামী দিনে আরও বৃহৎ পরিসরে আমরা একত্রিত হবো, বর্তমান শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করবো।
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ২ নভেম্বর বেগম খালেদা জিয়া আমাদের বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেন এবং ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তাই আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২ নভেম্বর। আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হবে। এ বছর বিশ্ববিদ্যালয় দিবসে আমরা শিল্পী জেমসকে আনার পরিকল্পনা করছি। জবিকে অন্তরে ধারণ করলে আপনারা সবাই একত্রিত হবেন।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াসউদ্দিন এবং অর্থনীতি বিভাগের অ্যালামনাই ও সাধারণ শিক্ষার্থীরা।
আজকালের খবর/বিএস