শুক্রবার ৮ মে ২০২৬
১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ৯২১)
দেশের আরও এক হাজার মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

সংসদ সদস্য মো. আবুল হাসনাত তার প্রশ্নে বলেন, মাদরাসা শিক্ষায় বাংলাদেশের ২ কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৪০ লাখেরও বেশি শিক্ষার্থী প্রাথমিক স্তরের মাদরাসায় পড়ছে।

কিন্তু গবেষণায় দেখা গেছে, মাদরাসার স্নাতকরা ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে কর্মসংস্থানে মারাত্মক প্রতিবন্ধকতার মুখে পড়েন। এই বিশাল জনগোষ্ঠীকে কর্মবাজারমুখী করতে মন্ত্রণালয় কী কার্যকর পরিকল্পনা নিয়েছে এবং কবে নাগাদ সেগুলো আলোর মুখ দেখবে?

জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষে মাদরাসার কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

মাদরাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে।

মন্ত্রী জানান, এরই মধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত একটি কমিটি মাদরাসার কারিকুলাম যুগোপযোগী করার কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার লক্ষে প্রতিটি মাদরাসায় কারিগরি ট্রেড চালু করা হবে।

শিক্ষার্থীদের কর্মমুখী করার পদক্ষেপ তুলে ধরে তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদরাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এরই মধ্যে ৫৪৮টি মাদরাসায় ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও এক হাজার মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে পুনরায় শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft