শুক্রবার ১৭ জুলাই ২০২৬
শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্কের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে: তথ্যমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৬৮৯৮)
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে তরুণ প্রজন্মের মধ্যে যৌক্তিক বিশ্লেষণ ক্ষমতা ও মুক্ত চিন্তার বিকাশ অপরিহার্য। তিনি বলেন, ‘প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্কের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে, যাতে শিক্ষার্থীরা যেকোনো বিষয়কে কেবল অন্ধভাবে গ্রহণ না করে যুক্তির নিরিখে বিচার করতে শেখে। আজ সোমবার বিকেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যেকোনো জিনিসকে ক্রিটিক্যালি বোঝার জন্য সৃষ্টিশীলতার তাগিদ থাকা প্রয়োজন। আমাদের প্রচলিত কারিক্যুলামের মধ্যে এই ধরনের এক্সট্রা (অতিরিক্ত) একাডেমিক অনুষঙ্গ খুব একটা থাকে না। কিন্তু এ ধরনের চর্চাই মূলত আমাদের পুঁথিগত শিক্ষাকে পূর্ণাঙ্গতা ও প্রায়োগিক ক্ষমতা দেয়। জ্ঞান যদি প্রয়োগিক ক্ষেত্রে প্রবেশ না করে, তবে তা সমাজ ও সভ্যতার কল্যাণে লাগে না।

তিনি জানান, শিক্ষা ব্যবস্থার কাঠামোর মধ্যে বিতর্ক ও যুক্তি চর্চাকে কীভাবে বাধ্যতামূলকভাবে করা যায়, সে বিষয়ে সরকার গুরুত্বের সাথে চিন্তা করছে। তরুণ প্রজন্মের মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী আমাকে পরামর্শ দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তরুণদের জন্য ‘বিশেষ কন্টেন্ট’ তৈরি করতে এবং দেশের সম্প্রচার মাধ্যমগুলোকে কাজে লাগাতে। আজকের তরুণরা যেন ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেজন্য আমাদের প্রচার মাধ্যমগুলোতে জীবনমুখী ও যুক্তি নির্ভর বিভিন্ন অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা করা হয়েছে।

তথ্যমন্ত্রী তরুণদের উদ্দেশে বলেন, বাবা-মা, বড় ভাই-বোন বা শিক্ষক বলেছেন বলেই সব কিছুকে ‘হ্যাঁ’ বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় স্পষ্টভাবে বুঝতে না পারবে, ততক্ষণ নিজের জ্ঞানকে স্থগিত রাখতে হবে অথবা যুক্তি দিয়ে তা বিশ্লেষণ করতে হবে। না বলার জন্য পর্যাপ্ত জ্ঞান ও সাহস থাকা প্রয়োজন। এমনকি ধর্ম ও বিশ্বাসের চর্চাতেও আমাদের যুক্তিবাদী হতে হবে, কারণ কেবল উত্তরাধিকার সূত্রে কোনো কিছু গ্রহণ করা প্রগতিশীলতার লক্ষণ নয়।

গণমাধ্যমের বিবর্তন ও নিউ মিডিয়ার প্রভাব তুলে ধরে তিনি বলেন, প্রগতিশীলতার মূল কথা হলো গতিশীলতা। যা গতিশীল, তাহাই প্রগতিশীল। যে প্রতিষ্ঠান প্রগতিশীল হতে চায় না বা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে চায়, সে কেবল সময়ের পরিবর্তনের বিপরীতে প্রতিক্রিয়া দেখায়। যদি প্রাতিষ্ঠানিকভাবে প্রগতিশীল হওয়া যায়, তবে প্রচলিত গণমাধ্যমের সঙ্গে নিউ মিডিয়া বা বিকল্প গণমাধ্যমের কোনো ব্যবধান থাকবে না।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, বিতার্কিক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft