শুক্রবার ৮ মে ২০২৬
কেআইবির তলবি সভা পণ্ড, সিনিয়র কৃষিবিদদের লাঞ্ছিত করার অভিযোগ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৩৫ পিএম   (ভিজিট : ২৪৩)
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) বর্তমান প্রশাসকের অপসারণ এবং অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত তলবি সাধারণ সভা পণ্ড হয়ে গেছে। 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করা নিয়ে দুই পক্ষের বিবাদ ও হট্টগোলের জেরে একপর্যায়ে সভাটি স্থগিত ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১২টায় সভার কার্যক্রম শুরু হলে প্রথমেই সভাপতিত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়। উপস্থিত সিনিয়র সদস্যরা ইনস্টিটিউশনের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ কৃষিবিদ ইব্রাহিম খলিলের নাম প্রস্তাব করেন। তবে একাংশ এর বিরোধিতা করে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডির নাম প্রস্তাব করে।

এ নিয়ে সমঝোতা না হওয়ায় এগ্রিকালচারালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সদস্য সচিব শাহাদত হোসেন বিপ্লব জানান, সভার সভাপতির বিষয়ে সিনিয়র কৃষিবিদরা সিদ্ধান্ত দিতে না পারলে, এ্যাবের নেতৃবৃন্দ  সিদ্ধান্ত দেবেন। এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কর্মকর্তা ও এ্যাবের যুগ্ম আহবায়ক  শফিকুল ইসলাম শফিক আপত্তি তুলে বলেন, এটি এ্যাবের কোনো দলীয় অনুষ্ঠান নয়, তাই এ্যাবের সিদ্ধান্ত তিনি মানবেন না।

সভায় উপস্থিত কৃষিবিদরা জানান, এ সময় শফিকুল ইসলাম শফিক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার তত্ত্বাবধায়ক লুৎফুর রহমান মৃদুল, জিবরাইল শরীফ,আহসান হাবিব রানু ও  শফিকুল ইসলাম নোবেল উপস্থিত কয়েকজন সিনিয়র কৃষিবিদদের সাথে চরম অসদাচরণ করেন। এতে সাধারণ কৃষিবিদদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরা সবাই কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডির অনুসারী। 

কৃষিবিদ শাহাদাত হোসেন চঞ্চল বলেন, যারা বর্তমান প্রশাসকের অনিয়মের সুবিধাভোগী, তারাই পরিকল্পিতভাবে বহিরাগতদের নিয়ে এসে সভাটি পণ্ড করেছে। তারা চায় না কেআইবি স্বচ্ছতার সাথে পরিচালিত হোক।

এ বিষয়ে এ্যাবের সদস্য সচিব শাহাদত হোসেন বিপ্লব বলেন, বর্তমান প্রশাসক গত ১৩ মাসে প্রায় ৩৭ লাখ টাকা সম্মানী নিয়েছেন, অবৈধভাবে নিয়োগ দিয়েছেন  এবং নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। তাকে সরিয়ে প্রকৃত কৃষিবিদদের হাতে দায়িত্ব হস্তান্তরের জন্যই এই সভা ডাকা হয়েছিল। কিন্তু একটি গোষ্ঠী হট্টগোল সৃষ্টি করে সিনিয়রদের লাঞ্ছিত করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে সভাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি জানিয়েছেন, পরবর্তীতে সকলের সাথে আলোচনা করে সভার নতুন তারিখ নির্ধারণ করা হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft