শুক্রবার ১৫ মে ২০২৬
অনির্বাণকে ফেরাবেন ‘পরিচালক’ দেব
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৫৫ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ৫:১২ পিএম  (ভিজিট : ৮৬৬)
প্রায় এক দশক ধরে নিজের সিনেমা নিজেই প্রযোজনা করেন দেব। এবার পরিচালকের আসনে তিনি। নিজের বেশ কিছু সিনেমায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার পরিচালক হিসেবে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন দেব।

নিজের পরিচালিত প্রথম সিনেমায় দেব নায়িকা হিসেবে নিয়েছেন শুভশ্রীকে। দর্শকদের কাছে দেব-শুভশ্রী জুটি বেশ জনপ্রিয়। এটি হতে চলেছে এ জুটির সপ্তম সিনেমা। তবে চমক এখানেই শেষ নয়। এ সিনেমায় দেব শুধু যে সাবেক প্রেমিকাকে নিচ্ছেন তা-ই নয়, ফিরিয়ে আনছেন টালিউডে নিষিদ্ধ থাকা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।

অনির্বাণকে সবশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘রঘু ডাকাত’ সিনেমায়। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে অনেক দিন কোনো কাজ নেই তার হাতে। সম্প্রতি টালিউডে নিষিদ্ধ শিল্পীদের, বিশেষ করে অনির্বাণকে ফিরিয়ে আনতে উদ্যোগী হন দেব। আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ৭২ ঘণ্টার সময়ও দেন বিষয়টি দেখার জন্য। প্রসেনজিতের কাছ থেকে সবুজসংকেত পাওয়ার পরই অনির্বাণের নাম ঘোষণা করলেন তিনি।

তবে অনির্বাণ ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো গোপন রাখা হয়েছে। প্রাথমিকভাবে সিনেমাটিকে ডাকা হচ্ছে ‘দেশু ৭’ নামে, নাম চূড়ান্ত হয়নি এখনো। শুধু পরিচালনা নয়, দেব এ সিনেমার চিত্রনাট্যও লিখেছেন। ফলে অভিনয়, প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্য রচনা এ সিনেমায় চার ভূমিকায় পাওয়া যাবে দেবকে।

জুন, জুলাই ও আগস্ট মাসজুড়ে প্রায় ৫০ দিন ধরে চলবে শুটিং। যেখানে যুক্ত থাকবেন প্রায় ১০ হাজার টেকনিশিয়ান। এ বছরের দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

দেব-শুভশ্রী জুটির সর্বশেষ সিনেমা ‘ধূমকেতু’ ২০২৫ সালে মুক্তি পেলেও এর শুটিং হয়েছিল বেশ আগে। পুরোনো সিনেমা হলেও বক্স অফিসে অভাবনীয় সাফল্য পায় ধূমকেতু। প্রমাণিত হয়, এত বছর পরেও দেব-শুভশ্রী জুটির ম্যাজিক এতটুকু ফিকে হয়নি! ব্যক্তিগত জীবনের জটিলতা পেরিয়ে তাই আবারও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন দেব ও শুভশ্রী।

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft