রবিবার ২৪ মে ২০২৬
নগরকান্দায় তিন বছরেও শেষ হয়নি হাসপাতালের পুনর্নির্মাণ, চরম ভোগান্তিতে রোগীরা
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:৩৯ পিএম   (ভিজিট : ৩০৬)
ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় তিন বছরেও নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়নি। নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন ভবন ভেঙে ফেলার পর দীর্ঘদিনেও কাজ সম্পন্ন না হওয়ায় চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বর্তমানে হাসপাতালের আরেকটি জরাজীর্ণ পুরাতন ভবনের কয়েকটি কক্ষ ও বারান্দায় রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই স্থানে নারী ও পুরুষ রোগীদের একসঙ্গে থাকতে হচ্ছে, যা অস্বস্তিকর ও অমানবিক পরিস্থিতি তৈরি করেছে। এছাড়া ভবনে টয়লেট ও ওয়াশরুমের কোনো ব্যবস্থা না থাকায় রোগীদের বাইরে গিয়ে প্রয়োজন সারতে হচ্ছে।

রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রোগীদের সঙ্গে এ কেমন নির্মমতা! হাসপাতালে ভর্তি হয়েও ন্যূনতম সুযোগ-সুবিধা পাচ্ছে না।”

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি, গর্ভবতী নারী ও শিশুসহ গুরুতর রোগীরা জরুরি চিকিৎসা নিতে এলেও অনেক ক্ষেত্রে পাচ্ছেন সীমিত ও দায়সারা সেবা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভবন সংকটের পাশাপাশি চিকিৎসক সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক স্বল্পতার পাশাপাশি প্যাথলজি বিভাগ প্রায় অচল অবস্থায় রয়েছে। ফলে সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।

প্রায় ১১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পটি ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম নূরুল ইসলাম খান বলেন, “ভবন সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসকরা পুরাতন ভবনের বারান্দায় বসে রোগী দেখছেন। ভর্তি রোগীদের বারান্দা ও মেঝেতে থাকতে হচ্ছে। সামনে ঝড়বৃষ্টির মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

তিনি দ্রুত নির্মাণাধীন ভবনের কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে ঠিকাদার মো. শরাফত মিয়া জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায় এবং বর্তমানে পুনরায় টেন্ডার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “সারা দেশে এ ধরনের প্রায় ১৪০টি প্রকল্প স্থগিত রয়েছে, যা একসঙ্গে পুনরায় চালু হবে।”

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকলেও নতুন করে টেন্ডার প্রক্রিয়া চলছে এবং দ্রুত কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও রোগীদের স্বজনরা দ্রুত হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন করে স্বাভাবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft