প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৪২ পিএম (ভিজিট : )

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সভাপতি সামিউল মনিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক সামিউল মনির শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় যুবদল নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবলু রহমান ও বিএনপি কর্মী আব্দুর রহিম।
হামলার শিকার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি, সমকালের শ্যামনগর উপজেলা প্রতিবেদক সামিউল মনির জানান, গেল ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-জামায়াত যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে সমকালে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল বালু খেকো এই চক্রটি।
ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা জানান, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান, মফু খাঁসহ দলীয় নেতাকর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়। সেই মানববন্ধন থেকে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক চোরাচালানসহ নানা অভিযোগ তুলে বক্তব্য রাখেন যুবদল নেতাকর্মীরা।
সাংবাদিকরা আরও জানান, একপর্যায়ে মানববন্ধন চলাকালে হঠাৎ যুবদল সদস্য সচিব আঙ্গুর, বাবলু, মিজান, মতলেবসহ ২৫-৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে পড়েন। এ সময় প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালান। মারতে মারতে ক্লাব থেকে বাইরে বের করে আনেন।
হামলার বিষয়ে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর বলেন, মানববন্ধন চলাকালে ওই সাংবাদিক গালিগালাজ করছিল। তখন নেতাকর্মীরা গিয়ে একটু মারধর করেছে।
শ্যামনগর হাসপাতালের চিকিৎসক শাকির জানান, মাথার বাম পাশে শক্ত বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। বাকি হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
কাওছার আল হাবীব/আজকালের খবর