শনিবার ১৪ মার্চ ২০২৬
স্যামসনের চমৎকার ইনিংসে উইন্ডিজকে হারিয়ে সেমিতে ভারত
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১২:৩২ এএম   (ভিজিট : )
সুপার এইটের শেষ ম্যাচে সমীকরণ ছিল পরিষ্কার। জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। এবার অবশ্য কোনও ভুল করেনি ভারত। ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয় সেমিফাইনালে এখন তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। 

১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারে জয়ের বন্দরে নোঙর ফেলেছে ভারত। যে জয়ে মূল অবদান সাঞ্জু স্যামসনের। অথচ টুর্নামেন্ট শুরুর আগে ভারতের প্রথম পছন্দের ওপেনার হিসেবে বিবেচনাতেই ছিলেন না তিনি। শেষ মুহূর্তে ওপেনিং জুটি বদলালেও বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে তাকে আস্থার জায়গায় রাখেনি টিম ম্যানেজমেন্ট।

শেষ পর্যন্ত বিকল্প পরিকল্পনা হিসেবে দলে ফেরানো হয় স্যামসনকে। আর সেই সুযোগেই জ্বলে ওঠেন তিনি। তার দারুণ ব্যাটিংয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ সফল রানতাড়ার রেকর্ড গড়েছে স্বাগতিক দল। যেখানে ৫০ বলে ৯৭* রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস খেলেছেন স্যামসন। যাতে ছিল ১২টি চার ও ৪টি ছক্কার মার। এর আগে ভারত ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকর বিপক্ষে ১৭৩ রান তাড়া করে জিতেছিল। এবার সেই কীর্তিকেও পেছনে ফেলেছে তারা। 

শুরুতে অভিষেকের সঙ্গে স্যামসনের ওপেনিং জুটিটা বেশি স্থায়ী হয়নি। দলীয় ২৯ রানে ফিরেছেন অভিষেক (১০)। ইশান কিশানও ফিরেছেন পাওয়ার প্লেতে ১০ রান করে। তার পর সূর্যকুমার (১৮) ও স্যামসন মিলে ইনিংসে স্থিতি আনেন। ৩৫ বলে ৫৮ রান যোগ করেন তারা। তার পর তিলককে (২৭) সঙ্গে নিয়ে ২৬ বলে ৪২, পান্ডিয়াকে (১৭) নিয়ে ২২ বলে ৩৮ রানের জুটিতে ধীরে ধীরে জয়ের পথে এগিয়েছেন। শেষ পর্যন্ত শিবম দুবের (৮*) সঙ্গে ৬ বলে ২০ রানে অবিচ্ছিন্ন থেকে রোমাঞ্চকর জয় এনে দেন তিনি।    

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার ও শামার জোসেফ। 

ইডেনে শুরুতে টস হেরে খেলতে নেমে ৪ উইকেটে ১৯৫ রানের কম্পিটিভ স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে শাই হোপের সঙ্গে খেলতে নেমে সাবধানী ব্যাটিংয়ে ৬৮ রানের জুটি গড়েন রোস্টন চেজ। ৩৩ বলে ৩২ রান করা হোপকে ফিরিয়ে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। তার পর ছন্দে থাকা শিমরন হেটমায়ার নামলে হাত খুলতে থাকেন তিনি। তাতে রান তোলার গতিও বাড়ে। কিন্তু ১২তম ওভারে জোড়া আঘাতে হেটমায়ার (২৭) ও রোস্টন চেজকে (৪০) ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেন বুমরা। 

হেটমায়ারের ১২ বলে ছিল ১টি চার ও ২টি ছয়। রোস্টনের ২৫ বলের ইনিংসে ৫টি চার ও ১ ছক্কার মার। ছন্দপতন ঘটায় শেরফানে রাদারফোর্ডও (১৪) বেশি সুবিধা করতে পারেননি। তাতে ১৪.১ ওভারে ১১৯ রানে চতুর্থ উইকেট পড়ায়  স্কোরও বেশি আশা করা যাচ্ছিলো না। কিন্তু রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডারের পাওয়ার হিটিং অসম্ভবকে সম্ভব করে তোলে। শেষ তিন ওভারে ৫০ রান তুলেছে এই জুটি। তাতে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ করে ১৯৫ রান। পাওয়েল ঝড়ো ব্যাটিংয়ে ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন। হোল্ডারও ২২ বলে ২ চার ও ৩ ছক্কায় উপহার দেন ৩৭* রানের ঝড়ো ইনিংস। কিন্তু এই স্কোরও যথেষ্ট হয়নি শেষ পর্যন্ত।  

ভারতের হয়ে ৩৬ রানে দুটি উইকেট নেন জসপ্রীত বুমরা। একটি করে নেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী। 

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft