মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারাল জিম্বাবুয়ে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৫৭৪)
এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপসঙ্গী সাবেক দুই চ্যাম্পিয়নকেই হারিয়ে দিল জিম্বাবুয়ে। গত ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে হারানোর পর আজ কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে সিকান্দার রাজার দল।

টসে জিতে আগে ব্যাটিং করা শ্রীলঙ্কা করে ৭ উইকেটে ১৭৮ রান। সেই রান জিম্বাবুয়ে পেরোল ৩ বল বাকি থাকতে। এটি টি–টুয়েন্টিতে জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই জয়ে গ্রুপ ‘বি’ থেকে শীর্ষ দল হিসেবেই সুপার এইটে যাচ্ছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে জিতবে আর তাতে অধিনায়ক রাজা ভালো খেলবেন না সেটা তো হতেই পারে না! আজও বড় ভূমিকা রেখেছেন রাজা। ৫০ বলে ৮১ রান প্রয়োজন এমন সমীকরণে মাঠে নেমে রাজা ২৬ বলে করেছেন ৪৫ রান।

৪৫ রানের ইনিংস খেলে যখন আউট হয়েছেন তখন জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১০ বলে ১২ রান। পরের ৪ বলে মাত্র ২ আসায় শেষ ওভারে তাদের দরকার পড়ে ৮ রান। মহীশ তিকশানার করা সেই ওভারের প্রথম বলে টনি মুনিওঙ্গা ছক্কা মারলে খেলা কার্যত শেষ হয়ে যায়।

কৃতিত্ব পাবেন জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেটও। ৪৮ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন বেনেট। তিনি এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ছিলেন ৬৪ রানে। আজ জয়ের পেছনে ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ও রায়ান বার্লের কার্যকর ইনিংসের ভূমিকাও আছে। ওপেনার মারুমানি খেলেছেন ২৬ বলে ৩৪ রানের ইনিংস, বার্ল ১২ বলে করেছেন ২৩ রান।

শ্রীলঙ্কার সংগ্রহটা আজ আরও বড় হতে পারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা পাতুম নিশাঙ্কা আজও খেলেছেন ৬২ রানের ইনিংস। তার ব্যাটে প্রথম ৬ ওভারে দলটি তুলেছিল ৬১ রান। তবে ১০০ রানে পৌঁছাতে শ্রীলঙ্কার লাগে আরও ৬ ওভার। শেষ ৮ ওভারেও তারা করতে পেরেছে ৭৮ রান। জিম্বাবুয়ের লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার ২৭ রানে ২ উইকেট নেন।

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৭৮/৭ (নিশাঙ্কা ৬২, রত্নানায়েকে ৪৪; ক্রেমার ২/২৭, ইভান্স ২/৩৫)। জিম্বাবুয়ে: ১৯.৩ ওভারে ১৮২/৪ (বেনেট ৬৩, রাজা ৪৫; হেমন্ত ২/৩৬, শানাকা ১/২৬)। ফল: জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা: সিকান্দার রাজা

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft