শনিবার ১৪ মার্চ ২০২৬
বাফটা মনোনয়নে ডিক্যাপ্রিওর রেকর্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : )
ব্রিটেনের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসের মনোনয়নে শীর্ষে রয়েছে অ্যাকশনে ঠাসা রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সর্বাধিক ১৪টি মনোনয়ন পেয়েছে ছবিটি। বক্স অফিসে সফল ভ্যাম্পায়ার থ্রিলার ‘সিনার্স’ দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি বিভাগে মনোনীত হয়েছে। বাফটার ইতিহাসে ‘গান্ধী’ (১৯৮২) ১৬টি মনোনয়ন প্রাপ্তির রেকর্ড অক্ষুণ্ন রেখেছে।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে একসময়ের বিপ্লবী চরিত্রে অভিনয় করেছেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও, গল্পে যার মেয়েকে অপহরণ করা হয়। সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন তিনি। এ নিয়ে বাফটায় সেরা অভিনেতা শাখায় সাতবার মনোনয়ন পেলেন ডিক্যাপ্রিও। এর মধ্য দিয়ে রেকর্ড গড়েছেন তিনি। বাফটার ইতিহাসে তিনি ছাড়া আর ছয় জনের এই কীর্তি আছে। তারা হলেন— ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইন, ড্যানিয়েল ডে-লুইস, আমেরিকান তারকা ডাস্টিন হফম্যান, জ্যাক লেমন, প্রয়াত দুই ব্রিটিশ অভিনেতা পিটার ফিঞ্চ ও লরেন্স অলিভিয়ার।

ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স পরিবেশিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে ডিক্যাপ্রিও অভিনীত বিপ্লবীর মেয়ের চরিত্রে রূপদানকারী চেস ইনফিনিটি সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। চেস ইনফিনিটি এবারের অস্কারের মনোনয়নে জায়গা পাননি। একই ছবির জন্য টিয়ানা টেলর সেরা পার্শ্ব অভিনেত্রী আর শন পেন ও বেনিসিও দেল তোরো সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন। সমালোচকদের প্রশংসা কুড়ানো ছবিটির জন্য পল টমাস অ্যান্ডারসন সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন।

সেরা চলচ্চিত্র বিভাগে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর প্রতিদ্বন্দ্বী ‘সিনার্স’, উইলিয়াম শেক্সপিয়রের পরিবারে অনুপ্রাণিত ‘হ্যামনেট’, টেবিল টেনিস ভিত্তিক বায়োপিক ‘মার্টি সুপ্রিম’ ও নরওয়ের পারিবারিক ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

‘সিনার্স’ ১৩টি
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বর্ণবৈষম্য-শাসিত যুগের ব্লুজ সংগীত ও কৃষ্ণাঙ্গ সংস্কৃতিকে উদযাপন করা ‘সিনার্স’ পেয়েছে ১৩টি মনোনয়ন। ছবিটিতে সাবেক গ্যাংস্টার যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি. জর্ডান, যারা নিজেদের শহরে ফিরে একটি জুক জয়েন্ট চালু করে। একপর্যায়ে সেখানে আক্রমণ চালায় ভ্যাম্পায়ার। সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন মাইকেল বি. জর্ডান। তার সহশিল্পী ব্রিটিশ-নাইজেরিয়ান তারকা উনমি মোসাকু সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। ‘সিনার্স’-এর জন্য রায়ান কুগলার সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্য দুই বিভাগেই মনোনীত হয়েছেন। তারা তিন জনই এবারের অস্কারে এসব বিভাগেই মনোনয়ন পেয়েছেন।

‘হ্যামনেট’ ও ‘মার্টি সুপ্রিম’ ১১টি
উইলিয়াম শেক্সপিয়র ও তার স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের ছেলে হ্যামনেটের মৃত্যুকে কেন্দ্র করে নির্মিত ‘হ্যামনেট’ বাফটায় ১১টি মনোনয়ন পেয়েছে। ছবিটিতে শেক্সপিয়রের স্ত্রীর চরিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন আইরিশ তারকা জেসি বাকলি। শেক্সপিয়রের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন পল মেসকাল। অস্কারে জেসি বাকলি জায়গা পেলেও উপেক্ষিত হয়েছেন পল মেসকাল।

‘হ্যামনেট’ ছবির জন্য সেরা পরিচালক বিভাগে একমাত্র নারী হিসেবে মনোনীত হয়েছেন চীনের ক্লোয়ি জাও। ২০২০ সালে প্রকাশিত ম্যাগি ও’ফ্যারেলের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে ছেলে হ্যামনেটের মৃত্যুতে শেক্সপিয়র দম্পতির শোক তুলে ধরা হয়েছে। উপন্যাসে উল্লেখ রয়েছে, হ্যামনেটের মৃত্যুর ঘটনা শেক্সপিয়রকে ‘হ্যামলেট’ লিখতে অনুপ্রাণিত করেছে।

আগামী ২২ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমক অনুষ্ঠানে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা ও টিভি উপস্থাপক অ্যালান কামিং। বিজয়ী নির্বাচনে ভূমিকা রাখবেন ৮ হাজার ৩০০ জন ভোটার।

আজকালের খবর/্া










Advertisement
সর্বশেষ সংবাদ
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft