বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে ১৪ ও ১৫ জানুয়ারি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬”।
বিজিএমইএ, কেডিএস ও প্রাইম ব্যাংকের পরিবেশনায় আয়োজিত এ ফেস্টে সার্বিক সহযোগিতায় ছিল সেন্ট্রো, ফ্যাশন স্টেপ গ্রুপ, ফকির ফ্যাশন, শিন শিন গ্রুপ, এফপিজি অ্যান্ড মাসকো গ্রুপ, অকো-টেক্স গ্রুপ, আরএইচ করপোরেশন ও এশিয়ান অ্যাপারেলস লিমিটেড।
শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে আয়োজিত এ ক্যারিয়ার ফেস্টে অংশ নেয় ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান। এতে ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থী এবং প্রায় ৪০ হাজার দর্শনারীর সমাগম ঘটে। চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ, অন-দ্য-স্পট ইন্টারভিউ প্রদানসহ ক্যারিয়ার উন্নয়ন ও শিল্পখাতের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ও প্যানেল আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বিকেএমইএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, পরিচালক নাফিস উদ দৌলা ও মোহাম্মদ সোহেল, আইটিইটি’র চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিম, সুইসটেক্স লিমিটেডের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, আইটিইটি অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এহসানুল করিম কায়সার এবং প্রাইম ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. এম. মাহবুব হাসান।
স্বাগত বক্তব্য দেন বিইউএফটি’র উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। এছাড়া বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, ক্লাবের উপদেষ্টা মো. আব্দুল মুকিত, প্রেসিডেন্ট আবিদ হোসেন ও জিএস মাহমুদ ফানতাসি।
বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বৈশ্বিক কর্মবাজারে টিকে থাকতে ইংরেজি ভাষায় দক্ষতা, নেতৃত্বগুণ এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা অত্যন্ত জরুরি। শুধু ডিগ্রি নয়, পেশাগত জীবনে সফল হতে শক্তিশালী যোগাযোগ দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার বিকল্প নেই।
আজকালের খবর/ এমকে