বৃহস্পতিবার ২১ মে ২০২৬
জকসুর ভোট গণনা স্থগিত, ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে প্রশাসন
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪ পিএম   (ভিজিট : ২৭৮১)
দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে প্রশাসন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনা স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৩৯টি কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো বিকেল ৫টায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ (বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়াম)-এ আনা হয়। মাগরিবের নামাজের পর গণনা শুরু হলে দেখা যায়, ব্যবহৃত দুটি মেশিনে একই পদের বিপরীতে আলাদা আলাদা ফলাফল প্রদর্শিত হচ্ছে। গত তিন ঘণ্টা চেষ্টা করেও এই কারিগরি সমস্যার সমাধান সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত গণনা স্থগিতের সিদ্ধান্ত নেয় কমিশন।

নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান বলেন, ভোট গণনার জন্য আমরা দুটি কোম্পানি থেকে মোট ৬টি মেশিন নিয়ে আসি। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে এই মুহূর্তে গণনা স্থগিত করা হয়েছে। আমরা এখন কেন্দ্রীয় সংসদের সব ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসব। সবার সম্মতিতে একটি ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক) সিদ্ধান্ত নেয়া হবে এবং তা পরে মিডিয়াকে জানানো হবে।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশনের উদ্যোগে সব প্যানেলের প্রার্থীদের নিয়ে একটি মক ভোটের আয়োজন করা হয়েছিল। সেখানে মেশিনে ভোট গণনার পক্ষে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ও এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিলসহ সকল প্রার্থী লিখিত সম্মতি ও স্বাক্ষর দিয়েছিলেন। তবে গতকাল ৫ জানুয়ারি ছাত্রদল সমর্থিত প্যানেল তাদের অবস্থান পরিবর্তন করে ম্যানুয়ালি (হাতে) ভোট গণনার দাবি জানায়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft