প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:০৫ পিএম

`হাতির পাঁচ পা দেখা...’ বহুল প্রচলিত এই বাক্যটি এ মুহূর্তে ছোটপর্দার জনবপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের সঙ্গে সমার্থক। জনপ্রিয়তার সঙ্গে বেড়ে চলেছে এই অভিনেতার অপেশাদার আচরণের গতিও! গত নভেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেতা ক্রিকেট বোর্ডের পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে অশালীন মন্তব্য পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সেই রেশ কাটতে না কাটতে এক মাসের মাথায় ওই ঘটনার সংবাদ প্রকাশ নিয়ে সাংবাদিক মহিব আল হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জেরে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। এছাড়া টেলিভিশনে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন টেজাবও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে অভিনেতা ইরফান সাজ্জাদের আচরণকে ‘অসৌজন্যমূলক’ ও ‘অপেশাদার’ হিসেবে উল্লেখ করা হয়।
জানা গেছে , গেল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের শুটিং স্পটে সময় টেলিভিশনের সাংবাদিক ও বাচসাসের কার্যনির্বাহী পরিষদের সদস্য মহিব আল হাসানের সঙ্গে অপ্রত্যাশিতভাবে দুর্ব্যবহার করেন ইরফান সাজ্জাদ, যা উপস্থিত সাংবাদিকদেরও হতবাক করে। এ সময় ক্রিকেট বোর্ডের নারী পরিচালক রুবাবা দৌলার প্রসঙ্গটি উঠে আসে। রুবাবা প্রসঙ্গে সংবাদ পরিবেশন করা ইরফান ক্ষোভ প্রকাশ করে গালিগালাজ দিতে থাকেন।
এ প্রসঙ্গে মহিব আল হাসান জানান, আমি রুবাবার সংবাদ প্রসঙ্গটি অবগত ছিলাম না, তারপরও এ সংবাদের দায় আমার মাথায় চাপানো হয়েছে। সকলের সামনে যাচ্ছেতাই ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে সংগঠনকে জানালে তারা বিবৃতি দিয়েছেন।
এ ব্যাপারে অভিনয় সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি। পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা চাই সাংবাদিকদের সঙ্গে সম্মানজনক সহাবস্থান।
মহিব জানিয়েছেন, অভিনয় সংঘের বরাবর এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, আজ কালের মধ্যে লিখিত অভিযোগ করা হবে।
আজকালের খবর/আতে