রবিবার ১৯ এপ্রিল ২০২৬
সীমান্তের বলি, শিক্ষাঙ্গনে প্রতীক: জাবিতে হল হলো 'শহীদ ফেলানীর' নামে
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২:১৯ পিএম   (ভিজিট : ১৫৩৯)
ওপার বাংলা এপার বাংলা
মাঝখানে কাঁটাতার
গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি
বলো তো দোষটা কার।

কবির সুমনের এই পঙক্তিগুলো যেদিন রচিত হয়, সেদিন কেবল একটি মৃত্যু নয়, দুই দেশের সম্পর্কের টানাপোড়েন এবং সীমান্তে ভারতীয় বিএসএফের সীমান্ত হত্যার এক ভয়ানক দৃশ্য সমানে এসেছিল।
২০১১ সালের ৭ জানুয়ারি, কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী খাতুন। কাঁটাতারে ঝুলে থাকা তার নিথর দেহটি কেবল একটি মর্মান্তিক মৃত্যু ছিল না, এটি পরিণত হয়েছিল বাংলাদেশ-ভারত সীমান্তে চলমান সীমান্ত হত্যার এক আন্তর্জাতিক আধিপত্যবাদের প্রতীক ও জাতীয় লজ্জায়। সেই মর্মন্তুদ ঘটনার দীর্ঘ এক যুগের বেশি সময় পর, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর অন্যতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এই হত্যার নীরব প্রতিবাদ পেল এক নতুন প্রাতিষ্ঠানিক রূপ।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নারী শিক্ষার্থীদের জন্য নবনির্মিত একটি হলের নাম পরিবর্তন করে 'শহীদ ফেলানী হল' নামে নামকরণ করেছে। পূর্বে হলটি 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল' নামে পরিচিত ছিল। এটি কেবল একটি স্থাপত্যের নাম পরিবর্তন নয়, বরং সীমান্ত হত্যার বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে দেওয়া একটি জোরালো বার্তা।

বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত (৪০৯৬ কিলোমিটার) বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। এই বিশাল সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা করা একটি উদ্বেগজনক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, যার খবর প্রায়শই গণমাধ্যমে আসে। ফেলানী হত্যার মাধ্যমে এই নৃশংসতার চিত্র বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। ২০১১ সালের   ৭ জানুয়ারি সেই শুক্রবারটি ছিল বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত ঘটনার দিন। নয়াদিল্লিতে থাকা ফেলানীর বাবা নুর ইসলাম মেয়েকে নিয়ে বাংলাদেশে তার বিয়ের জন্য ফিরছিলেন। তারা কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত দিয়ে প্রবেশের সময় মই বেয়ে কাঁটাতারের বেড়া পার হচ্ছিলেন। বাবা পার হতে পারলেও, কাঁটাতারে আটকে যায় ফেলানীর কাপড়। আতঙ্কিত হয়ে সে চিৎকার শুরু করলে বিএসএফ সদস্য অমিয় ঘোষ তাকে লক্ষ্য করে গুলি করেন।

মধ্যযুগীয় কায়দায় তার প্রাণহীন দেহটি প্রায় পাঁচ ঘণ্টা উলটোভাবে কাঁটাতারের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। প্রায় ৩০ ঘণ্টা পর বিএসএফ লাশ হস্তান্তর করলে তাকে দাফন করা হয়। ফেলানী হত্যার ঘটনায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয় ফেলানীর ঝুলন্ত লাশের ছবি।

ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ফেলানীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিলেও ভারত সরকার তা আমলে নেয়নি। বিএসএফ সদস্য অমিয় ঘোষ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলেও ভারতের সামরিক আদালত তাকে বেকসুর খালাস দেয়। এরপর মামলাটি ভারতের সুপ্রিমকোর্টে গড়ায়, কিন্তু আজও তার কোনো নিষ্পত্তি হয়নি।

ফেলানী হলের নামকরণ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান বলেন, " "এই নামকরণের জন্য প্রথমে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি একটি প্রস্তাবনা জমা দেওয়ার পর, সেই প্রেক্ষাপটে আমরা হলটির নামকরণ সম্পন্ন করি।

এছাড়া, নামকরণের নেপথ্যে একটি গভীর তাৎপর্য আছে। সীমান্তে বাংলাদেশ কতটা অরক্ষিত, এবং দীর্ঘকাল ধরে পার্শ্ববর্তী দেশটির সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক যে হত্যাসহ নানা অমানবিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এই নামকরণ তারই একটি প্রতীকী প্রতিবাদ।ফেলানী খাতুন ছিলেন একজন নারী। একজন নারী হিসেবে তাকে যে মর্যাদা ও সম্মান দেওয়া উচিত ছিল, তা তিনি পাননি; বরং পাখির মতো গুলি করে তাঁর দেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। এই নৃশংস ঘটনার প্রতিবাদ স্বরূপ এবং সীমান্তে আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর বার্তা দিতেই আমরা এই হলটির নামকরণ করেছি।

এই নামকরণের অন্যতম প্রস্তাবক আধিপত্যবাদ বিরোধী মঞ্চের আহ্বায়ক আঞ্জুম শাহরিয়ার বলেন, আলহামদুলিল্লাহ! বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে 'শহীদ ফেলানী খাতুন' নামকরন করায় জাবি প্রশাসনকে ধন্যবাদ। এই স্পেসিফিক নামটি প্রস্তাবনায় আধিপত্যবাদ বিরোধী মঞ্চসহ বেশ কয়েকটি স্টেকহোল্ডার অংশগ্রহণ করেছিল। এই নামকরণ কাঁটাতারের ওপারে নিহত হওয়া প্রতিটি প্রাণের প্রতি আমাদের সম্মিলিত শ্রদ্ধার প্রতীক।

তিনি আরও উল্লেখ করেন, "আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে অন্যতম প্রেরণা ফেলানীর শাহাদাত। জাবিতে এই নামকরণের মাধ্যমে আধিপত্যবাদ বিরোধী লড়াই আরও শক্তিশালী হলো।"

এই 'শহীদ ফেলানী হল' এখন নতুন প্রজন্মকে ন্যায়বিচার, মানবিকতা এবং সীমান্ত হত্যার বিরুদ্ধে নিরন্তর প্রতিবাদের প্রয়োজনীয়তা মনে করিয়ে দেবে।

উল্লেখ্য, সম্প্রতি লালমনিরহাট ও  চাপাইনবয়াবগঞ্জের সীমন্তে ভারতীয় রক্ষী বাহিনী (বিএসএফ)  বাংলাদেশিকে গুলি করে হত্যা করে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft