আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দুবাইয়ের পাঁচ তারকা হোটেল শেরাটনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ইন্টারন্যাশনাল মেন্স অ্যাওয়ার্ড ২০২৫ ইউএই’। অন্যান্যের মধ্যে বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, লেখক ও প্রযোজক আলী জুলফিকার জাহেদী এই সম্মাননা অর্জন করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক পুরুষ দিবসকে কেন্দ্র করে এ অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস এলএলসি।
চার শতাধিক অতিথির উপস্থিতিতে আন্তর্জাতিক মিডিয়ার কভারেজে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড শোতে মোট ৩০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশ্বের ১২টি দেশের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরিতে সফল ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। ‘ম্যান অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে বিশ্বের সেরা ১০ জন সফল পুরুষকে বিশেষভাবে উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব ও বো আব্দুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ড. বো আব্দুল্লাহ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন এমারত হোল্ডিংস গ্রুপের ফাউন্ডার ও চেয়ারম্যান হানিফ শেখ এবং দুবাই অ্যাডমিনিস্ট্রেশন অফিসার সাউথ আব্দুল আজিজ।
আলী জুলফিকার জাহেদী ২০১৬ সাল থেকে চলচ্চিত্র নির্মাণ ও লেখালেখির সঙ্গে যুক্ত। তার পরিচালিত ‘কাগজ’ চলচ্চিত্রটি ২০২২ সালে মুক্তি পায় এবং পরবর্তীতে দেশি ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও মনোনীত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ভিউয়ের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর আবু কদর, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, এবং মেম্বারবৃন্দ জুবায়ের খান, মারুফ খান, তুলি, সাবিনাসহ ফ্রেন্ডস ভিউ পরিবারের অন্যান্য সদস্যরা।
আজকালের খবর/আতে