মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মৈত্রী শিল্পে বিশৃঙ্খলার নেপথ্য রিয়াজ উদ্দিন সাময়িক বরখাস্ত
প্রতিষ্ঠান বাঁচাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দৃঢ় পদক্ষেপ
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:৩২ এএম   (ভিজিট : ৬৯০)
গাজীপুরের টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মৈত্রী শিল্প ইউনিটে প্রশাসনিক বিশৃঙ্খলা, অরাজকতা ও শৃঙ্খলাভঙ্গের নেপথ্যে থাকা প্লান্ট সুপারভাইজার মোঃ রিয়াজ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
প্রতিবন্ধী কর্মীদের উস্কে দিয়ে, তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হুমকি ও আক্রমণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অস্থিতিশীল করে তোলার গুরুতর অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন (স্মারক নং ৪১০০৬.০০০০.০০০.০০১.৯৯.০০০০১.২৫.৪১৮, তারিখ ২৮ অক্টোবর ২০২৫) অনুযায়ী, মৈত্রী শিল্প ইউনিটের প্লান্ট সুপারভাইজার মোঃ রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে প্রশাসনিক নির্দেশনা অমান্য, তদন্ত কার্যক্রমে হস্তক্ষেপ, কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনসহ প্রতিষ্ঠানটিকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছিলেন।

তদন্তে উঠে আসে-১৯ অক্টোবর ২০২৫ তারিখে সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির বৈঠকে রিয়াজ উদ্দিন ও তার সহযোগীরা উচ্চস্বরে চিৎকার, অশালীন ভাষা প্রয়োগ ও কর্মকর্তাদের হুমকি প্রদর্শন করেন। এমনকি, নির্বাহী পরিচালকের সরকারি গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনাও ঘটে তার নেতৃত্বে। তদন্তে আরও জানা যায়, রিয়াজ উদ্দিন প্রতিবন্ধী শ্রমিকদের বিভ্রান্ত করে উস্কে দেন, যাতে তারা কর্মকর্তাদের ওপর হামলা ও চাপ সৃষ্টি করে।

এই সুযোগে তিনি তদন্ত প্রতিবেদন ও অফিসিয়াল নথি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার ঘটনাতেও জড়িত ছিলেন। এরপর থেকেই প্রতিষ্ঠানজুড়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এবং ২০ অক্টোবর থেকে কারখানার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, রিয়াজ উদ্দিনের কর্মকাণ্ড ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য এবং শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়া, মৈত্রী শিল্পের চাকরি বিধি (সংশোধিত) ২০০৫-এর ৫৮ বিধি অনুসারে তাকে 'সাময়িক বরখাস্ত' করা হয়েছে। বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নির্বাহী পরিচালক (উপসচিব) কাজী মাহবুব উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রিয়াজ উদ্দিনের আচরণ প্রশাসনিক কাঠামো ধ্বংসের ইঙ্গিত বহন করে। তিনি সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে প্রতিবন্ধী কর্মচারীদের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলেছেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হলো।

মৈত্রী শিল্প ইউনিটের একাধিক কর্মকর্তা ও কর্মচারী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে “সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ” হিসেবে অভিহিত করেছেন।

তারা বলেন, রিয়াজ উদ্দিনের নেতৃত্বে অসহায় প্রতিবন্ধী শ্রমিকদের ভুল পথে পরিচালিত করা হচ্ছিল। এ বরখাস্তের মাধ্যমে প্রতিষ্ঠান ধ্বংসের হাত থেকে রক্ষা পেল।

প্রজ্ঞাপনের কপি যুগ্মসচিব (প্রশাসন), উপসচিব (প্রশাসন-৫), এবং মাননীয় উপদেষ্টার একান্ত সচিব বরাবর প্রেরণ করা হয়েছে, যাতে পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা যায়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে প্রতিবন্ধী কর্মসংস্থানভিত্তিক অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ইউনিট “মৈত্রী শিল্প” আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft